বার্সার হার, রিয়াল উড়ছে

মেসি-নেইমারের শট সেল্টা ভিগোর ক্রসবার আর পোস্টে লেগে ফিরল। একবার, দুবার নয়, চারবার! একই সঙ্গে প্রতিপক্ষ গোলরক্ষকও সার্জিও আলভারেজও হঠাৎ করে হয়ে উঠলেন ‘লেভ ইয়াসিন’।
ভাগ্যদেবী যেদিন এমন বিমুখ থাকেন, সেদিন নিজেদের একটু বেশি সতর্ক থাকতে হয়। বার্সেলোনা সতর্ক থাকতে পারেনি। ৫৫ মিনিটে তাই উল্টো একটা গোল খেয়ে বসেছে। লুইস এনরিকের দল তাঁরই সাবেক ক্লাবের কাছে হেরেছে ওই এক গোলেই। ফল, নিজের মাঠেও লা লিগার সর্বোচ্চ গোলদাতা তেলমো জারাকে (২৫১ গোল) ছোঁয়া হলো না লিওনেল মেসির। বার্সেলোনার জার্সিতে ন্যু ক্যাম্পে অভিষেকটাও ভালো হলো না লুইস সুয়ারেজের। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা হলো সেটা, লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়া। পরশু এই ম্যাচের দুই ঘণ্টা আগে গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়ে রিয়াল ১০ ম্যাচ থেকে জমিয়েছে ২৪ পয়েন্ট। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ২২। বড়দিনের ছুটির আগেই লা লিগার শীর্ষে উঠতে চেয়েছিলেন রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াস। বার্সেলোনার হারের পর কাল অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে সেভিয়াও ১-০ গোলে হারায় সেই লক্ষ্যটা অনেক আগেই ছুঁয়ে ফেলল রিয়াল। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে রিয়ালের পরে ভ্যালেন্সিয়া ও অ্যাটলেটিকো। চারে বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদ জিতেছে অথচ রোনালদো গোল করেননি, এমনটি যেন এখন আর ভাবাই যায় না! পর্তুগিজ উইঙ্গার পরশু গোল করেছেন ম্যাচের বয়স ১০০ সেকেন্ড পেরোনোর আগেই! লিগে মোট ১৭ গোল হলো রোনালদোর, রিয়ালের জার্সি গায়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১২ ম্যাচেই গোল পেয়েছেন। পাশাপাশি জোড়া গোল করেছেন হামেস রদ্রিগেজ, একটা গোল করেছেন করিম বেনজেমাও। দুর্দান্ত এই আক্রমণভাগ নিয়ে সীমাহীন উচ্ছ্বাস কোচ কার্লো আনচেলত্তির, ‘রদ্রিগেজের গোল দুটি অসাধারণ। কিন্তু একই কথা বলতে হবে রোনালদো ও বেনজেমাকে নিয়েও। বিশেষ করে রোনালদোকে নিয়ে কিছু বলা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, কারণ তাকে বর্ণনা করার মতো কোনো বিশেষণই নেই!’
বার্সেলোনার জার্সি গায়ে লিগে দুটি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। দুটিতেই হেরেছে তাঁর দল। নেইমারের দুটি শট ক্রসবারে প্রতিহত হয়েছে, একবার মেসির শটও। হারের জন্য তাই ভাগ্যকেই দুষলেন সুয়ারেজ, ‘আমরা এতগুলো সুযোগ তৈরি করলাম। কিন্তু আজ ভাগ্যই আমাদের পক্ষে ছিল না। আর ওদের গোলরক্ষকও দারুণ কিছু সেভ করেছে। পুরো ম্যাচে ওরা একটাই সুযোগ তৈরি করেছে সেটাতেই গোল। ফুটবল মাঝেমধ্যে এতই অনায্য হতে পারে!’
২০১১ অক্টোবরে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর এই প্রথম ন্যু ক্যাম্পে লিগের ম্যাচে গোল করতে পারল না বার্সেলোনা। ম্যাচের পর এর একটা কারণ ব্যাখ্যা করেছেন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো, ‘আমরা সুযোগ তৈরি করেছি ঠিকই কিন্তু আমাদের নিজস্ব খেলাটা খেলতে পারিনি। এটাই দুশ্চিন্তার।’
বার্সার মতো পরাশক্তিকে ওদেরই মাঠে হারিয়ে দিয়ে উচ্ছ্বসিত সেল্টা ভিগোর কোচ এদোয়ার্দো বেরিজ্জো। তবে এই জয় যে ভাগ্যপ্রসূত সেটা স্বীকার করে নিয়েছেন তিনিও, ‘আমাদের মানতেই হবে যে বার্সেলোনা প্রথম গোল করে ফেললে এই ম্যাচের ফল বদলে যেত।’ এএফপি, রয়টার্স।