বার্সার হারে স্পেনের লাভ!
সপ্তাহ দুয়েক আগেও ছবিটা অন্য রকম ছিল। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৯ ম্যাচ অপরাজিত বার্সেলোনা তখন রীতিমতো উড়ছে। খেলোয়াড়দের চোখে আরও একবার ট্রেবল জয়ের স্বপ্ন। ন্যু ক্যাম্পে বাতাসে কান পাতলে শোনা যেত আনন্দভৈরবী।
সেই বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে ছিটকে গেল চ্যাম্পিয়নস লিগ থেকে। তার আগে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও সোসিয়েদাদের কাছে টানা দুই ম্যাচ হেরে শিরোপা ধরে রাখার কাজটাও অনেক কঠিন করে ফেলেছে। ন্যু ক্যাম্পে আনন্দের সুর কেটে গিয়ে হঠাৎই হতাশার গুমোট হাওয়া। তবে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার এই হারেরও একটা ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। বার্সার এই হারটা স্পেনের ইউরো প্রস্তুতিতে খুব কাজে দেবে বলে মনে করছেন দেল বস্ক।
কেন, কারণটাও ব্যাখ্যা করেছেন স্পেনের কোচ। স্পেন দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বার্সেলোনারই। বার্সা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পর্যন্ত গেলে স্পেন দলে থাকা খেলোয়াড়েরা ক্লাবের হয়েই ব্যস্ত থাকতেন ২৮ মে পর্যন্ত। কিন্তু ২০১৬ ইউরোর জন্য স্পেনের প্রস্তুতিটা শুরু হয়ে যাচ্ছে আরও আগেই। সে ক্ষেত্রে জেরার্ড পিকে, জর্ডি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস ও সার্জি রবার্তোকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হতো ২৮ মের পরে। কিন্তু এখন যেহেতু আর চ্যাম্পিয়নস লিগেই নেই বার্সেলোনা, খেলোয়াড়দের আগেই পেয়ে যাচ্ছেন দেল বস্ক। এতে জাতীয় দলের সুবিধাই হলো বলে মনে করছেন তিনি, ‘ওরা এখন জাতীয় দলের ক্যাম্পে আগেই যোগ দিতে পারবে এবং প্রস্তুতির জন্য আরও বেশি সময় পাবে, যেটি আমাদের জন্য ভালো হলো।’
দেল বস্কের জন্য ভালো হলেও বার্সেলোনা কি এতে খুশি হতে পারছে? সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয়, হতাশাটা বোঝা যায় জেরার্ড পিকের কথায়, ‘এটা তো পরিষ্কার, আমরা মৌসুমের সেরা ফর্মে নেই। আসলে ফুটবল-বিশ্বে নিখুঁত মৌসুম বলে কিছু নেই।’ তবে এই হতাশা ভুলে লা লিগা ও কোপা ডেল রের শিরোপার দিকে মনোযোগী হতে চান বার্সার সেন্টারব্যাক, ‘আমাদের এখনো দুটি শিরোপা জেতার সুযোগ আছে। আর ভুল করা যাবে না।’
বার্সার এই হতাশা ভোলার মিশনটা শুরু হচ্ছে আগামীকালই, লা লিগায় নিজের মাঠে তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। লিগে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা ধরে রাখতে হলে এই ম্যাচ জেতা ছাড়া খুব বেশি বিকল্প নেই মেসি-সুয়ারেজ-নেইমারদের হাতে। এএফপি।