বার্সার হয়ে ইনিয়েস্তার সেরা পাঁচ মুহূর্তের স্মৃতিচারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সাকে অজস্র স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ইনিয়েস্তা। ছবি: এপি
বার্সাকে অজস্র স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ইনিয়েস্তা। ছবি: এপি
>

১৬ বছরের বার্সেলোনা-ক্যারিয়ার। কত অজস্র স্মৃতি, কত অজস্র স্মরণীয় মুহূর্ত। তার থেকে পাঁচটি মুহূর্তের স্মৃতিচারণ 

বার্সেলোনার হয়ে আন্দ্রেস ইনিয়েস্তার সেরা মুহূর্ত কোনটি? তিনি নিজেই বলেছেন, ২০০২ সালে প্রথম যেদিন বার্সার সিনিয়র দলের জার্সি গায়ে দিলেন, সেই মুহূর্তের সঙ্গে আর কোনো কিছুরই তুলনা নেই। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে হল্যান্ডের বিপক্ষে স্পেনের জয়সূচক গোলটি এসেছিল যার পা থেকে, সেই মিডফিল্ড জেনারেল বার্সা সমর্থকদের অজস্র স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। ক্ষণজন্মা এই ফুটবলারের বিদায় বেলায় সেই মুহূর্তগুলোর মধ্য থেকেই সেরা পাঁচ মুহূর্তের স্মৃতিচারণা হলে কিন্তু মন্দ হয় না...

স্টামফোর্ড ব্রিজের জাদু
খুব কঠিন এক খেলা ছিল সেটি। চেলসির বিপক্ষে ম্যাচ, স্থান স্টামফোর্ড ব্রিজ। ইংলিশ প্রতিপক্ষের আঁটসাঁট রক্ষণ ভেদ করে বল নিয়ে ঢোকা সম্ভব হচ্ছিল না লিওনেল মেসির মতো খেলোয়াড়েরও। তার ওপর চেলসি এগিয়ে ১-০ গোলে। বিদায় যেন দ্বারপ্রান্ত উপস্থিত। খেলার যোগ করা সময়ে চেলসি গোলরক্ষক পিওতর চেককে বুটের ডগা ব্যবহার করে কী অসাধারণ একটা শটেই না পরাস্ত করলেন! এই এক গোলেই ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনার। পরে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপাটাও জিতেছিল বার্সা।

এই ম্যাচকে ব্যক্তিগতভাবে নিজের ক্যারিয়ারের ‘জাদুকরী মুহূর্ত’ হিসেবে বলেছেন খোদ ইনিয়েস্তাই, ‘স্টামফোর্ড ব্রিজের সেই গোলটি ব্যক্তিগতভাবে আমার ক্যারিয়ারের জাদুকরী এক মুহূর্ত।’

বার্নাব্যুর ঝড়
এটি ছিল বার্সেলোনার সেরা এল ক্লাসিকো জয়গুলোর একটি। ২০০৯ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সা জিতেছিল ৬-২ গোলে। এতে জাভি হার্নান্দেজকে সঙ্গে নিয়ে গোটা ম্যাচটাই নিয়ন্ত্রণ করেছিলেন ইনিয়েস্তা। পুরো ম্যাচেই ইনিয়েস্তা-জাভির দাপটে অসহায় মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদকে। এই জয়ের মধ্য দিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত হয়েছিল বার্সেলোনার। সে মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ আর কোপা ডেল রে জিতে বার্সা ঘরে তুলেছিল সাফল্যের ‘ট্রেবল’।

ন্যু ক্যাম্পের মিরাক্যল
বেশি দিন আগের কথা নয়। এই তো গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনার। প্যারিসে প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হারার পর দ্বিতীয় লেগ নিয়ে ভাবার আর কিছুই ছিল না। চার গোলের ঘাটতি পূরণ করে সেমির স্বপ্ন দেখাটা চরম বার্সা-সমর্থকদের কাছেও বাড়াবাড়ি মনে হচ্ছিল। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সেরা ঘুরে দাঁড়ানোর নজির গড়ে ন্যু ক্যাম্পে পিএসজিকে ৬-১ গোল হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। সে ম্যাচে নিজে দুর্দান্ত খেলার পাশাপাশি দারুণভাবে দলের দ্বিতীয় গোলটিতে অবদান রেখেছিলেন ইনিয়েস্তা।

আরেক ট্রেবল-মুহূর্ত
২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইনিয়েস্তার বানিয়ে দেওয়া বলকে গোলে পরিণত করেছিলেন ইভান রাকিটিচ। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে ৩-১ গোলের জিতে চ্যাম্পিয়নস লিগ নিজেদের করে নেয় বার্সেলোনা। সেটি ছিল বার্সার জার্সিতে ইনিয়েস্তার চতুর্থ চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সে মৌসুমে লা লিগা আর কোপা ডেল রে জিতে ক্যারিয়ারে আরও একটি ‘ট্রেবল-মুহূর্ত’ যোগ হয়েছিল ইনিয়েস্তার।

শেষ ফাইনাল
বার্সেলোনার জার্সিতে জীবনের শেষ ফাইনালটাও স্মরণীয় করে রেখেছেন ইনিয়েস্তা। এই তো কিছুদিন আগেই জিতলেন কোপা ডেল রের ফাইনাল। সেভিয়াকে বার্সেলোনা উড়িয়ে দিল ৫-০ গোলে। এ ম্যাচে ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা যেন নিজের তরুণ সময়ে ফিরে গিয়েছিলেন। দলের হয়ে চতুর্থ গোলটি তাঁরই। কিন্তু তার আগেই তীব্র এক শটে কাঁপিয়ে দিয়েছিলেন ক্রসবার। নিজের গোলটিও ছিল দেখার মতো। লিওনেল মেসির সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে সেভিয়ার গোলরক্ষককে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে বল ঠেলে দিয়েছিলেন জালে। সেটাও এক দুরূহ কোণ থেকে। মাঠ থেকে যখন তাঁকে তুলে নেওয়া হচ্ছিল, তখন বার্সেলোনা-সেভিয়া দুই দলের সমর্থকেরাই বিপুলভাবে অভিনন্দিত করেছিলেন তাঁকে। এই জয়ে বার্সেলোনার হয়ে ৩১টি ট্রফি জয়ের রেকর্ডেও মেসির পাশে নিজেকে বসিয়েছেন ইনিয়েস্তা। গতকালই অবশ্য নিজের ৩২তম ট্রফিটা নিজের করে নিয়েছেন। দেপোর্তিভো লা করুনিয়াকে হারিয়ে বার্সেলোনা জিতেছে লা লিগের শিরোপাটা।

জয়ী খেলোয়াড় জয় দিয়েই শেষ করেছেন তাঁর বর্নাঢ্য বার্সা-ক্যারিয়ার!