বার্সার ২৯
বার্সেলোনা সর্বশেষ হেরেছিল গত ৩ অক্টোবর, সেভিয়ার কাছে। এর পর ২৯টি ম্যাচের ২৩টিই জিতেছে তারা, ড্র করেছে ৬টি। গোল করেছে ৮৭টি, খেয়েছে ১৫টি। এই সময় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ইভান রাকিটিচ (২৫টি)।
২০১০-১১ মৌসুমে ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল পেপ গার্দিওলার বার্সেলোনার। ওই মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সা। তখনো ছিলেন, এখনো আছেন, এমন খেলোয়াড়ের সংখ্যা ৮—আদ্রিয়ানো, দানি আলভেস, মার্ক বার্ত্রা, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, হাভিয়ের মাচেরানো, লিওনেল মেসি ও জেরার্ড পিকে।
এবারের অপরাজিত যাত্রায় বার্সেলোনার ৮৭টি গোল করেছেন ১১ জন ভিন্ন খেলোয়াড়। এর দুটি অবশ্য আত্মঘাতী। সবচেয়ে বেশি ৩০টি গোল লুইস সুয়ারেজের, সবগুলোই বক্সের ভেতর থেকে নেওয়া শটে।
১৯টি গোল করেছেন নেইমার, মেসি ১৮টি। সবচেয়ে বেশি ১৬টি গোল করিয়েছেন নেইমার। ৮টি করে সুয়ারেজ ও মেসি। সবচেয়ে বেশি গোলের সুযোগও তৈরি করেছেন নেইমার—৮৪টি।
বার্সেলোনা মোট ১৭১২২টি পাস দিয়েছে নিজেদের মধ্যে। যেখানে বার্সার সব প্রতিপক্ষ মিলে মোট পাস দিয়েছে ৭০০৫টি। সবচেয়ে বেশি পাস সম্পূর্ণ করেছেন দানি আলভেস (১০৫৭)!