বার্সার 'ট্রিপল', না জুভদের 'ট্রিপলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইতালিয়ানরা যেটিকে বলে ‘ট্রিপলো’, স্প্যানিশ আর কাতালানদের কাছে সেটাই ‘ট্রিপল’। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে সহজবোধ্য শব্দটা ইংরেজিতে—‘ট্রেবল’। বার্লিনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আজ বার্সেলোনা-জুভেন্টাসের লড়াইটা ইউরোপ-সেরা হওয়ার। তবে এই লড়াইয়ের আগে আবহসংগীত হিসেবে ‘ট্রেবল-বাজনা’ বেজে চলেছে কয়েক দিন ধরেই।
বার্সেলোনা ও জুভেন্টাস—দুই দলই ঘরোয়া লিগ আর কাপ জিতে এরই মধ্যে দ্বিমুকুট পেয়ে গেছে। আজ চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা যারা পাবে, ট্রেবল কিংবা ত্রিমুকুটও তাদেরই হবে। বার্লিনের ফাইনালের মাহাত্ম্য অবশ্য শুধু এটুকুই নয়। ঘরোয়া লিগ, কাপ আর চ্যাম্পিয়নস লিগ—ক্লাব ফুটবলে একেবারে নিখাদ এই ত্রিমুকুট জয়ের ইতিহাসই আছে মাত্র ৭ বার। ১৯৬৬-৬৭ মৌসুমে স্কটিশ ক্লাব সেল্টিক প্রথম গড়েছিল কীর্তিটা। এর পর আয়াক্স (১৯৭২), আইন্দহোফেন (১৯৮৮), ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৯), বার্সেলোনা (২০০৯) ও বায়ার্ন মিউনিখ (২০১৩)। আজ চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা পেলে বার্সেলোনা হবে দুবার এই গৌরবের অধিকারী প্রথম ইউরোপিয়ান দল। অন্যদিকে জুভেন্টাসের সামনেও সুযোগ অষ্টম দল হিসেবে এই অভিজাত তালিকায় নাম লেখানোর। বার্লিনের মঞ্চে শেষ হাসিটা কোন দলের থাকবে কে জানে!
সিরি ‘আ’ ও লা লিগায় দুই দলেরই মৌসুমটা কেটেছে দুর্দান্ত। তবে চ্যাম্পিয়নস লিগে সাম্প্রতিক বছরগুলোর পারফরম্যান্সেই হয়তো আজ বার্সেলোনাকে এগিয়ে রাখবেন অনেকে। ইউরোপীয় ক্লাবশ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দলেরই এটি অষ্টম ফাইনাল। আগের ৭ বারের মধ্যে চারবার জয়ী বার্সেলোনা শেষ তিনবারই জিতেছে গত এক দশকে। জুভেন্টাস এর আগে ট্রফি জিতেছে দুবার, এমনকি চ্যাম্পিয়নস লিগে তাদের সর্বশেষ ফাইনাল খেলার স্মৃতিটাও প্রায় এক যুগ আগের। ২০০৩ সালে এসি মিলানের কাছে টাইব্রেকারে হারা ওই ফাইনালে ছিলেন বর্তমান জুভেন্টাস দলটির একজনই—জিয়ানলুইজি বুফন। ৩৭ বছর বয়সী জুভেন্টাস অধিনায়কের কাছে সেটি বড় এক আক্ষেপ। বর্ণাঢ্য ক্যারিয়ারে অগুনতি ট্রফি জিতেছেন, একজন ফুটবলারের জীবনের সবচেয়ে আরাধ্য বিশ্বকাপ ট্রফিটাও জিতেছেন ২০০৬ সালে এই বার্লিনেই। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ট্রফিটাই অধরা রয়ে গেছে এখনো। বুফন সেই আক্ষেপ ঘোচাতে চান আজ ফাইনাল জিতে, ‘এটা আমাদের জন্য জীবন-মরণ ম্যাচ। সবকিছু দিয়ে চেষ্টা করব ট্রফিটা নিয়ে যেতে।’
বুফনদের সর্বোচ্চ চেষ্টাও বিফল হতে পারে যদি ছন্দে থাকেন লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার এই ‘এমএসএন’ ত্রয়ীই করেছেন ১২০ গোল, যেখানে পুরো জুভেন্টাস দলের গোলসংখ্যা ১০৩! বার্সেলোনা আক্রমণভাগের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারতেন যিনি সেই জর্জো কিয়েলিনিকে ফাইনালের বাইরে ছিটকে দিয়েছে চোট। তবে কিয়েলিনিকে ছাড়াও যে জুভেন্টাস খুবই কঠিন দল, এটা মানছেন বার্সেলোনা ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো, ‘ঐতিহ্যগতভাবে ওরা খুব কঠিন প্রতিপক্ষ। ওদের নিজস্ব কৌশল তো আছেই, অভিজ্ঞতা আর প্রতিভারও কমতি নেই।’ বার্সা কোচ লুইস এনরিকে তো নাম ধরেই বলে দিয়েছেন জুভেন্টাসের কোন কোন খেলোয়াড় বিপজ্জনক হয়ে উঠতে পারেন, ‘আশা করছি, আন্দ্রেয়া পিরলো যেন এ ম্যাচে খুব বেশি প্রভাব ফেলবে না। ও কী করতে পারে সেটা তো আমরা সবাই জানি। ওদের রক্ষণ দুর্দান্ত, পাশাপাশি আলভারো মোরাতা ভালোই গোল করতে জানে। আর কার্লোস তেভেজ তো বড় ভরসা।’
তার মানে পরিসংখ্যান যতই বার্সেলোনাকে এগিয়ে রাখুক, ফাইনালে লড়াইটা সমানে সমান হবে বলেই আশা করা যায়। এখন দেখার অপেক্ষা, সেই লড়াই শেষে জুভেন্টাসের ‘ট্রিপলো’ হয়, না বার্সেলোনার ‘ট্রিপল’! এএফপি, রয়টার্স।