বার্সার 'বড় ভাই'ও যখন ইংলিশ-ঘাতক

এমনটা হরহামেশাই হয়। কীর্তিতে, যশে-খ্যাতিতে ছোট ভাই ছাড়িয়ে যায় বড় ভাইকে। কিন্তু বড় ভাই তো বড় ভাই-ই। আজ বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। সেই তুলনায় এফসি বাসেল কিছুই না। কিন্তু তাতে এই সত্য মিথ্যা হয়ে যাবে না, সুইস এই ক্লাবটিই কাতালান ক্লাবটির বড় ভাই। সুইস ভদ্রলোক হোয়ান গাম্পারের হাত ধরেই প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল বাসেল, এরপর বার্সেলোনা। শুধু নামে নয়, দুই দলের জার্সিতেও আপনি খুঁজে পাবেন অনেক মিল।
সেই বড় ভাই আজ খ্যাতিতে-কীর্তিতে অনেক পিছিয়ে পড়লেও গত কয়েক মৌসুম ধরে ইউরোপীয় ফুটবলে মাঝেমধ্যেই চমকে দিচ্ছে। বিশেষ করে ইংলিশ ক্লাবগুলোকে ‘খাবার’ বানাতে যেন খুব ভালো লাগে রজার ফেদেরারের শহরের ক্লাবটির। কাল বাসেলের শিকার হলো ইউরোপিয়ান কাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী লিভারপুলও। গ্রুপ পর্বে নিজেদের মাঠে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে তারা। গত তিন বছরে বাসেলের শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটডেট, টটেনহাম ও চেলসি।
এর মধ্যে ইউনাইটেড-বধটাই সবচেয়ে আলোচিত বোধ হয়। অ্যালেক্স ফার্গুসন তখন তাঁর দলকে ইউরোপের সেরা দলগুলোর একটি বানিয়ে ফেলেছেন। ২০০৭-০৮ থেকে টানা চার মৌসুমের তিনবারই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা সেই ইউনাইটেডকে ২০১১-১২ মৌসুমে এই বাসেলই গ্রুপ পর্ব থেকে ছিটকে দিয়েছিল!
ইউনাইটেডকে হারানো যে কোনো অঘটন ছিল না, সেটি টানা তিন বছর ধরেই প্রমাণ করে চলেছে। ইংলিশ কোনো ক্লাবকে তাদেরই মাঠে এসে সুইস কোনো ক্লাবের হারিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়। তবে নিজেদের সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ তারা দিয়েছিল গত মৌসুমে। যে মাঠে হোসে মরিনহোর অপরাজেয় থাকার রেকর্ড রীতিমতো অবিশ্বাস্য ছিল, সেই স্টামফোর্ড ব্রিজে ফিরে আসা মরিনহো চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচেই বাসেলের কাছে হেরে গিয়েছিলেন ২-১ গোলে! ২০০৩ সালের পর এটাই ছিল নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে চেলসির প্রথম পরাজয়।
ফিরতি লেগে প্রতিশোধ নিতে নিশ্চয়ই ফুঁসছিলেন মরিনহো। ফলাফল? এবারও হারল চেলসি। ১-০ গোলে। চেলসিকে তাদেরই মাঠে হারিয়ে পাওয়া আলোচিত সেই জয়ের নায়ক মার্কো স্ট্রেলারের গোলেই এবার লিভারপুল-বধ করল বাসেল। গতবার লিভারপুলের চেহারা বদলে দেওয়া ব্রেন্ডন রজার্সের জাদু যেন এবার কাজ করছে না। সুয়ারেজ-শূন্যতায় ভুগতে থাকা ক্লাবটি লিগে গত পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছে, হেরেছে তিনটিতে। লিগ কাপেও ড্র করেছে। এবার তো হেরেই গেল চ্যাম্পিয়নস লিগে।
তবে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল কাল রাতে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বড় জয়টি পেয়েছে। যে ড্যানি ওয়েলব্যাককে বাতিলের খাতায় ফেলে বিক্রি করে দিয়েছিলেন লুই ফন গাল, সেই ওয়েলব্যাক আর্সেনালের হয়ে করেছেন হ্যাটট্রিক। গ্যালাতাসারেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। গতবারের রানার্স আপ অ্যাটলেটিকো মাদ্রিদ জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে। সূত্র: এএফপি, রয়টার্স।