বার্সায় কুতিনহো? ফাঁস নাইকির বিজ্ঞাপন!
তবে কি বার্সেলোনায় যাচ্ছেন কুতিনহো? এই প্রশ্নটা আরও একবার করতে হলো অমীমাংসিত মেগা সিরিয়ালের মতোই যে চলছে বার্সা-কুতিনহো নাটক! ব্রাজিলীয় প্লে-মেকারকে অনেক দিন ধরেই দলে ভেড়াতে চাইছে বার্সা। কিন্তু লিভারপুল নাছোড়। তবে শেষমেশ হয়তো জিতে গেল কাতালান ক্লাবটিই। মেসি-সুয়ারেজদের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির বিজ্ঞাপনে কুতিনহোর নাম এমনভাবে ব্যবহার করা হয়েছে, তাতে স্পেনকেই কুতিনহোর পরবর্তী ঠিকানা বলে মনে হচ্ছে।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে চুক্তি রয়েছে বার্সেলোনার। জার্সি বিক্রির জন্য প্রকাশিত এক বিজ্ঞাপন থেকেই ঘুম হারাম হয়েছে লিভারপুল সমর্থকদের। সেই বিজ্ঞাপনের ক্যাপশনে দাবি করা হয়েছে চলতি মৌসুমেই ব্লুগ্রানা জার্সি গায়ে তুলতে যাচ্ছেন কুতিনহো। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ন্যু ক্যাম্পে ঝড় তুলতে প্রস্তুত ফিলিপে কুতিনহো। এই জাদুকরের নামাঙ্কিত ২০১৭-১৮-এর জার্সি সংগ্রহ করে নিন। জলদি করুন, বিনা মূল্যে নিজের মতো জার্সি বানানোর সুযোগ শুধু ৬ জানুয়ারি পর্যন্ত!’

ওয়েবসাইটে বিজ্ঞাপনটি তুলেই আবার নামিয়ে ফেলা হয়েছে। ততক্ষণে অবশ্য স্ক্রিনশট নেওয়া সারা। সেটাই ছড়িয়ে পড়েছে।
দুই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যের আগে তো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগস্টেই লিভারপুল তারকার জন্য ১১৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করেও তাঁকে দলে টানতে পারেনি কাতালান ক্লাবটি। ‘অল রেড’দের কোচ ইয়ুর্গেন ক্লপ বারবার জানিয়েছেন ‘কুতিনহো বিক্রির জন্য নয়’। কিন্তু নাইকির মতো বিজ্ঞাপনী সংস্থা নিশ্চয়ই বার্সেলোনার নির্দেশনা ছাড়াই জার্সি প্রস্তুত করেনি। কিংবা তৈরি করেনি বিজ্ঞাপনটি।