বার্সায় থাকছেন তো, নেইমারের অনিশ্চিত জবাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মৌসুম পরেই কী আর দেখা যাবে না এমন দৃশ্য! ছবি: রয়টার্স
এই মৌসুম পরেই কী আর দেখা যাবে না এমন দৃশ্য! ছবি: রয়টার্স

‘ওদের সম্পর্কটা অদ্ভুত, সত্যিই অদ্ভুত।’ গতকালই বলছিলেন জর্ডি আলবা। এ সময়ের সেরা তারকা। অহংবোধের লড়াই হতেই পারে। গোল পেতে ভালোবাসেন তিনজনই—এ নিয়ে হতে পারে নিজেদের মধ্যেই প্রতিযোগিতা। কিন্তু উল্টোটাই হয়। নিজে গোল পেলে যেমন আনন্দ পান, বাকি দুজনের গোলেও যেন সমান আনন্দ।
বার্সায় ত্রিরত্নের এই বন্ধুত্ব অটুট থাকছে তো? নেইমারের কণ্ঠে যে এই প্রথম শোনা গেল অনিশ্চয়তার সুর। বেশ কিছুদিন ধরে চলে আসা বার্সা-নেইমার চুক্তি নিয়ে চলা অনিশ্চয়তাকে যেন বাড়িয়ে দিলেন নেইমার নিজেই। এই প্রথম শোনালেন অন্য রকম কিছু। ‘নতুন চুক্তি? অনেক কিছুই হতে পারে!’ এই একটা কথাই তো বার্সা সমর্থকদের বুকে কাঁপন ধরিয়ে দিতে যথেষ্ট। অনেক কিছু? এর মানে কী?
বার্সেলোনার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ পর্যন্ত। কিন্তু ইউরোপের অধিকাংশ ক্লাবই চায় সেরা তারকাদের চুক্তির মেয়াদ অর্ধেক পেরোনোর আগেই নতুন চুক্তি সেরে নিতে। বার্সেলোনাও নেইমারকে নতুন চুক্তিতে বাঁধতে চাচ্ছে এই মৌসুমের শুরু থেকেই। কিন্তু চুক্তির আর্থিক বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে কোনোভাবেই বনিবনা হচ্ছে না।
মূলত বার্ষিক বেতন ভাতা নিয়েই গোলমাল বেঁধেছে নেইমারের এজেন্টের দায়িত্ব পালন করা তাঁর বাবা ও বার্সেলোনার মধ্যে। আর এ সুযোগে একের পর এক লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির হচ্ছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। চারটি বড় দলের বড় প্রস্তাবের খবর তো ভাসছেই। কিন্তু নেইমার এর আগে বারবার বলেছেন, বার্সেলোনাতে সুখী তিনি, এখানেই থাকার ইচ্ছা তাঁর।

কিন্তু কাল সেল্টা ভিগোর সঙ্গে ম্যাচের পর একটু অন্য সুর শোনা গেল তাঁর কণ্ঠে, ‘চুক্তি নিয়ে এখনো আলোচনা চলছে। আমার হাতে এখনো অনেক সময় পরে আছে, এর মাঝে অনেক কিছুই হতে পারে।’
এ রকম অনিশ্চয়তার সুর কোনো খেলোয়াড়ের কণ্ঠে শোনা গেলে কিন্তু দলবদলের বাজারে ঝড় ওঠেই। তবে বার্সা সমর্থকেরা আশা করবেন, এ হয়তো নেইমারের স্রেফ কথার কথা। সূত্র: গোলডটকম।