বার্সায় ফেরার প্রসঙ্গে মেসির পাল্টা, ‘খেলোয়াড় হিসেবে?’
প্রত্যাবর্তনের মেলা চলছে বার্সেলোনায়। হোয়ান লাপোর্তা গত মার্চে সভাপতি হিসেবে ফিরেছেন দ্বিতীয় মেয়াদে। কয়েক মাস পর কোচ হিসেবে ফিরেছেন জাভি হার্নান্দেজ। তিনি এসে ফিরিয়ে এনেছেন দানি আলভেজকে।
৩৮ বছর বয়সেও তাঁকে আবারও মাঠে দেখা যাবে বার্সেলোনার হয়ে। তাহলে লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা বাদ যাবেন কেন! তাঁদের বার্সায় ফেরার স্বপ্ন তো দেখাই যায়।
স্বপ্ন দেখতে দোষ নেই। ভক্তের চোখ মাত্রই এমন। ক্লাব থেকে আবার সেসব স্বপ্ন উসকেও দেওয়া হয়। কিছুদিন আগে ইনিয়েস্তা–মেসির ফেরা নিয়ে সমর্থকদের আশা ছাড়তে নিষেধ করেন লাপোর্তা। তিন মাস আগে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। ইনিয়েস্তা ক্যাম্প ন্যু ছেড়েছেন ২০১৮ সালে।
মেসি, ইনিয়েস্তা, আলভেজ ও জাভি—সবাই বার্সার সোনালি সময়ের সারথি। আলভেজ ও জাভি ফেরার পর ইনিয়েস্তা ও মেসিরও কি প্রাণের ক্লাবে ফিরতে ইচ্ছা করে না?
জাপানের ভিসেল কোবে ক্লাবে খেলা ইনিয়েস্তার মুখ থেকে এ নিয়ে খোলাখুলি কিছু পাওয়া যায়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের উত্তরে মেসির করা পাল্টা প্রশ্নে তাঁর মনের ইচ্ছা নিয়ে ধারণা করা যায়।
সাক্ষাৎকারে মেসিকে প্রশ্ন করা হয়—‘লাপোর্তা সেদিন বলেছেন, আপনি ও ইনিয়েস্তা বার্সেলোনায় ফিরতে পারেন। এই স্বপ্ন কি সত্যি করতে পারেন?’ আর্জেন্টাইন তারকা এর উত্তরে পাল্টা প্রশ্ন করেন, ‘খেলোয়াড় হিসেবে?’
মেসির বয়স এখন ৩৪ বছর। মৌসুমের শুরুতে তিনি পিএসজিতে যোগ দেন দুই বছরের চুক্তিতে। প্যারিস ভালো লাগলে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে চুক্তিতে। অর্থাৎ মেসি তিন বছর পিএসজিতে থাকলে তখন তাঁর বয়স হবে ৩৭ বছর।
এরপর প্যারিস ছাড়লে তখন তিনি বার্সায় ফিরবেন কি না এবং সেটাও খেলোয়াড় হিসেবে কি না—তা নিয়ে বড় প্রশ্ন আছে। কারণ, নভেম্বরের শুরুতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে মেসি বলেছেন, ‘বার্সেলোনার উন্নতিতে নিজেকে কাজে লাগতে চাই। আমি টেকনিক্যাল সেক্রেটারি হতে চাই। আমি ফিরতে চাই, কারণ ক্লাবকে (বার্সেলোনা) ভালোবাসি।’
অর্থাৎ বুট তুলে রাখার পর বার্সায় ফিরতে চান ছয়বারের বর্ষসেরা এ ফুটবলার। সে ক্ষেত্রে পিএসজিতেই যে তিনি অবসর নেবেন, তার কোনো নিশ্চয়তা নেই। মেসি বলে রেখেছেন, শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিওয়েলসর ওল্ড বয়েজ দিয়ে পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে চান।
অর্থাৎ মেসি বার্সায় ফিরতে চান ঠিকই, কিন্তু দুইয়ে দুইয়ে চার মিলতে এখনো অনেক সময় বাকি। এ সময়ের মধ্যে কোথাকার জল কোথায় গড়ায় কে জানে!
কিংবা বিষয়টি অন্যভাবেও দেখা যায়। খেলোয়াড় হিসেবে সন্তুষ্টি নিয়ে বার্সা ছাড়তে পারেননি মেসি। তাঁর ক্লাব ছাড়ার আগে শেষ দুই বছর ভীষণ টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বার্সা। বলা ভালো, এখনো যাচ্ছে—আর্থিকভাবে খুব বাজে অবস্থায় রয়েছে কাতালান ক্লাবটি।
এর মধ্যে ক্লাবের পরিচালনা পর্ষদও খেলোয়াড়দের ঠিকভাবে সামলাতে পারছে না। লুইস সুয়ারেজের মতো ক্লাব কিংবদন্তিকে ঠিকভাবে বিদায় দিতে পারেনি বার্সা। দলবদলের বাজারেও সুবিবেচকের মতো খেলোয়াড় বেচাকেনা করতে পারছে না বার্সা।
মেসি এসব দেখেই কি আর খেলোয়াড় হিসেবে ফিরতে চান না বার্সায়? অন্য কোনো ভূমিকায় বুঝি পাল্টে দিতে চান বার্সার চেহারা?