বার্সায় মেসি আরও ৪ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

বার্সেলোনা এখন ধীরেসুস্থে অন্য দলবদলের দিকে মনোযোগ দিতে পারে। সবচেয়ে প্রার্থিত যে চুক্তি ছিল, সেটি তো হয়েই গেল কাতালান ক্লাবটির। অনেক দিন ধরে ঝুলতে থাকা লিওনেল মেসির চুক্তি নবায়নের ব্যাপারটা অবশেষে আলোর মুখ দেখেছে। গতকালই নিজেদের ওয়েবসাইটে বার্সেলোনা নিশ্চিত করেছে, ২০২১ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করছেন ৩০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য ২০২১-এর পর চুক্তিটা আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে।

লুইস এনরিকে বিদায় নেওয়ার পর ডাগআউটে নতুন কোচ এসেছে বার্সার—আরনেস্তো ভালভার্দে। রাইটব্যাকে, সেন্ট্রাল মিডফিল্ডে, রাইট উইংয়ে নতুন কয়েকজন ফুটবলার ক্লাবে আনার ইচ্ছে আছে তাঁর। কিন্তু অন্য সবকিছু পরে, সব পরিকল্পনার কেন্দ্রে তো সেই মেসিই। তাঁর চুক্তিটাই ছিল বার্সার করণীয় তালিকায় সবার ওপরে। মৌসুম শেষেই শেষ তাঁর বর্তমান চুক্তি হওয়ার কথা ছিল। গত মেতে বার্সার পক্ষ থেকে নবায়নের প্রথম প্রস্তাবটা নাকি মেসি প্রত্যাখ্যানও করে দিয়েছিলেন। অবশেষে চুক্তিটা হলো।

ক্লাব ইতিহাসের, এমনকি ফুটবল ইতিহাসেরই তর্ক সাপেক্ষে সেরা খেলোয়াড়কে আরও চার বছর ধরে রাখতে পেরে বার্সার খুশি হওয়ারই কথা। গতকাল বিবৃতিতেও বার্সেলোনা লিখেছে, ‘মেসির চুক্তি নবায়নে ক্লাব খুশি। তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়, পুরো ক্যারিয়ারই খেলেছেন বার্সায়। ক্লাবটাকে অনন্য এক সাফল্যের যুগে নেতৃত্বও দিয়েছেন—যা বিশ্ব ফুটবলে এর আগে কখনো দেখা যায়নি।’

গুঞ্জন অনুযায়ী, নতুন চুক্তিতে মেসির বেতন হবে সপ্তাহে ৫ লাখ পাউন্ড, আগের চুক্তিতে যা ছিল সপ্তাহে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ড। বেড়েছে ‘রিলিজ ক্লজ’ও। আগের চুক্তিতে বার্সেলোনার আপত্তি গ্রাহ্য না করেও মেসিকে কিনতে কোনো ক্লাবের খরচ হতো ২৫০ মিলিয়ন ইউরো, নতুন চুক্তিতে অঙ্কটা বেড়েছে আরও ৫০ মিলিয়ন।

তবে চূড়ান্ত হলেও এখনো ব্যাপারটা শুধুই মৌখিক। কদিন আগেই বিয়ে করা মেসি এখন মধুচন্দ্রিমায় আছেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডায়। সেখান থেকে ফিরে ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার পরই চুক্তিতে সই করবেন। নতুন কোচের অধীনে বার্সার প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হবে ১২ জুলাই। স্কাই স্পোর্টস, বিবিসি।

 একনজরে

নতুন চুক্তি

সাপ্তাহিক বেতন

৫ কোটি ২২ লাখ টাকা

রিলিজ ক্লজ

২ হাজার ৭৫০ কোটি টাকা

আগের চুক্তি

সাপ্তাহিক বেতন

৩ কোটি ৮১ লাখ টাকা

রিলিজ ক্লজ

২ হাজার ২৯০ কোটি