বার্সায় মেসির ১০ বছর

১৬ অক্টোবর, ২০০৪। লা লিগায় এসপানিওলের সঙ্গে বার্সেলোনার ম্যাচ। ডেকোর গোলে বার্সা এগিয়ে (১-০)। নির্ধারিত সময়ের খেলার আট মিনিট বাকি। ডেকোকে তুলে এক তরুণ খেলোয়াড়কে নামালেন বার্সেলোনার তখনকার কোচ ফ্রাঙ্ক রাইকার্ড। অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনার ৩০ নম্বর জার্সি গায়ে খেলতে নামা সেই তরুণের বয়স সেদিন ১৭ বছর ১১৪ দিন। বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় খেলার রেকর্ডটা সেদিনই হয়ে গিয়েছিল ওই তরুণের। ডেকোর বদলি হিসেবে নামা সেদিনের সেই তরুণের নাম লিওনেল মেসি।
বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটা পরে ২০০৭ সালের সেপ্টেম্বরে ভেঙে দিয়েছেন বোজান কিরকিচ। কিন্তু একের পর এক মেসি এত রেকর্ড আর কীর্তি গড়ে চলেছেন, যা ধরাছোঁয়া দূরের কথা, যেটির কাছে যাওয়াও অনেকের স্বপ্ন। কাল, ১৬ অক্টোবর ২০১৪, বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের ১০ বছর পূর্তি হলো মেসির এক দশক! গোটা এক দশক ফুটবল-বিশ্বকে যেন মোহময়ী জাদুতে আছন্ন করে রেখেছেন মেসি। ফুটবল তাঁর কাছে পেয়েছে অনেক কিছুই। খেলোয়াড় হিসেবেও তাঁর প্রাপ্তিও ঈর্ষণীয়। বার্সেলোনার হয়ে মেসি লা লিগা জিতেছেন ৬ বার, ৩ বার চ্যাম্পিয়নস লিগ। ক্লাব বিশ্বকাপের ট্রফিও ছুঁয়ে দেখেছেন একবার। কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ-একজন খেলোয়াড় একটা ক্লাবের হয়ে যতগুলো শিরোপা জিততে পারেন তার প্রায় সবই জেতা হয়ে গেছে। টানা চারবার জিতেছেন ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মানও। এএফপি, গোলডটকম।
ফিরে দেখা এক দশক
১৬ অক্টোবর, ২০০৪
প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক।
১ মে, ২০০৫
প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোল। লা লিগায় আলবাসেতের বিপক্ষে, ন্যু ক্যাম্পে।
৫ নভেম্বর ২০০৫
চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল। প্রতিপক্ষ প্যানাথিনাইকস।
১১ মার্চ ২০০৭
প্রথম হ্যাটট্রিক। রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এল ক্লাসিকো ড্র হয়েছিল ৩-৩ গোলে।
এপ্রিল ১৭ ২০০৭
স্প্যানিশ কাপে গেটাফের বিপক্ষে পাঁচজনকে কাটিয়ে গোল। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার সেই বিখ্যাত গোলের তুল্য।
২৭ মে ২০০৯
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে অসাধারণ এক গোল। রোমে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা বার্সেলোনার।
২৮ মে ২০১১
ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আবারও চ্যাম্পিয়নস লিগ জয়। ফাইনালে এক গোল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
২০ মার্চ ২০১২
গ্রানাডার বিপক্ষে হ্যাটট্রিক। ২৩৫ গোল নিয়ে ইগুয়ালা সিজারকে পেরিয়ে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
২২ ডিসেম্বর ২০১২
ভ্যালাদোলিদের বিপক্ষে গোল। বার্সেলোনার হয়ে ৭৯ ও আর্জেন্টিনার হয়ে ১২ গোল নিয়ে এক বছরে ৯১ গোলের রেকর্ড।
২৯ সেপ্টেম্বর ২০১৪
গ্রানাডার বিপক্ষে জোড়া গোলে ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ।