বার্সায় যাচ্ছেন না, জানিয়ে দিলেন পিএসজির নেইমার
ফ্রেঞ্চ ফুটবল নিয়ে লেকিপের সংবাদে সব সময়ই বিশ্বাস রাখতে হয়। তাই গতকাল যখন লেকিপ জানিয়ে দিল, আজই পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন নেইমার, তখন সে কথায় আপত্তি জানানোর কেউ ছিলেন না। যদিও গতকালই স্প্যানিশ অনেক সংবাদমাধ্যমই নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে অনেক গুঞ্জন তুলছিল। লেকিপের কথাই সত্যি হলো, পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার।
২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসা এই তারকার সঙ্গে পিএসজির চুক্তি ছিল ২০২২ পর্যন্ত। বহুদিন ধরেই চুক্তি নবায়ন না করায় গুঞ্জন ছড়িয়েছিল বার্সেলোনায় ফেরার জন্যই এমন করছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা কিন্তু বলেই রেখেছিলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েই রেখেছেন। সে সিদ্ধান্তটা আজ জানা গেল। আপাতত ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতে থাকার কথা জানিয়েছেন নেইমার।
আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘আরও তিন মৌসুমের জন্য নেইমারের চুক্তি নবায়নের সংবাদ আনন্দের সঙ্গে জানাচ্ছে পিএসজি। ২৯ বছর বয়সী তারকা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন। ২০১৭ সালে যোগ দেওয়ার পর ব্রাজিলের জাতীয় দলের স্ট্রাইকার পিএসজির কিংবদন্তিদের তালিকায় নাম লিখিয়েছেন। ১১২ ম্যাচে ৮৫ গোল করেছেন, ৫১টি গোলে সহায়তা করেছেন। ক্লাবের ইতিহাসের সেরা ১০ গোলদাতার মধ্যে ঢুকে পড়েছেন। আচরণ ও অনুপ্রেরণা দিয়ে এ সময়টায় আলো ছড়িয়েছেন।’
পিএসজির হয়ে তিনটি লিগ আঁ, দুটি ফ্রেঞ্চ কাপ, দুটি লিগ কাপ ও দুটি ফ্রেঞ্চ ট্রফি চ্যাম্পিয়নস জিতেছেন নেইমার। ফরাসি লিগে আরও আলো ছড়ানোর সিদ্ধান্ত নিয়ে নেইমার জানিয়েছেন, ‘পিএসজির হয়ে এই যাত্রা আরও লম্বা করতে পেরে দারুণ আনন্দিত। আমি প্যারিসে ভালো আছি। এই দলের সদস্য হতে পেরে, এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পেরে, এত ভালো কোচ ও এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরে আমি সত্যি গর্বিত। এ সবকিছুই দারুণ এই প্রকল্পে বিশ্বাস রাখতে সাহায্য করছে। এখানে মানুষ, ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে আমি আরও পরিণত হয়েছি। তাই আমি চুক্তি নবায়ন করতে পেরে খুশি এবং আশা করি আরও অনেক শিরোপা জিতব এখানে।’
নেইমারের এভাবে চুক্তি করে ফেলায় মেসি-নেইমার জুটি দেখার আশা শেষ হয়ে গেল বার্সেলোনার। ওদিকে আগামী মৌসুমে মেসির সঙ্গে খেলার আশার কথা জানিয়েছেন নেইমার। সে আশা পূরণ করতে হলে এখন একটাই উপায়, মেসিকে যেতে হবে পিএসজিতে!