বার্সায় যেয়ো না - কুতিনহোকে নেইমার!

স্প্যানিশ ফুটবলে চলতি গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমের মেয়াদ ফুরোবে আগামী ১ সেপ্টেম্বর মধ্যরাতে। এ সময়ের মধ্যে আরও একজন তো বটেই, সম্ভব হলে দুজন খেলোয়াড় কেনার ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনার ফুটবল ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ। বার্সার এ দুই সম্ভাব্যের একজন যে ফিলিপে কুতিনহো, সে কথা বলাই বাহুল্য।
লিভারপুলের ব্রাজিলিয়ান এ মিডফিল্ডারকে কিনতে তিনবার ইংলিশ ক্লাবটির কাছে প্রস্তাব পাঠিয়েও ব্যর্থ হয়েছে বার্সা। সর্বশেষ ১১ কোটি ৮০ লাখ পাউন্ডের সঙ্গে বোনাস দেওয়ার লোভও দেখিয়েছে কাতালান ক্লাবটি। কিন্তু লিভারপুল রাজি হয়নি। যদিও কুতিনহো নিজেই অ্যানফিল্ড ছেড়ে পাড়ি জমাতে চান ন্যু ক্যাম্পে। কিন্তু তাঁর এ ইচ্ছায় বাগড়া দিয়ে বসলেন নেইমার। জাতীয় দল সতীর্থকে নেইমারের পরামর্শ, বার্সেলোনায় যেয়ো না!
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কুতিনহো ও নেইমার এখন ব্রাজিলে। দেশটির সংবাদমাধ্যম ‘এস্তাদাও’ জানিয়েছে, জাতীয় দলের অনুশীলনে কুতিনহোকে নেইমার বলেছেন, ‘লিভারপুল তাঁকে বার্সেলোনায় যেতে বাধা দিলে, অন্তত এ নিয়ে অনুশোচনা করতেন না।’ ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী শুক্রবার ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল।
পিঠের চোটের কারণে লিভারপুলের হয়ে চলতি মৌসুমে মাঠে নামা হয়নি কুতিনহোর। অন্তত লিভারপুলের দাবি এটা। ‘অলরেড’ কোচ ইয়ুর্গেন ক্লপ নিজেই বলেছেন, তাঁর ‘নম্বর টেন কবে সুস্থ হয়ে উঠবেন, তিনি নিজেও জানেন না।’ তবে ব্রিটিশ গণমাধ্যমের ধারণা, কুতিনহো ক্লাব ছাড়তে উন্মুখ হয়ে ওঠার জন্যই শাস্তি হিসেবে তাঁকে খেলাচ্ছে না লিভারপুল।
এদিকে ব্রাজিলে কুতিনহোর চোটের দেখাশোনা করছেন তাঁরই চিকিৎসক বন্ধু মিশেল সিমোনি। বন্ধুর চোট প্রসঙ্গে সিমোনির উক্তি, ‘পিঠের চোট? না, সে এখন সুস্থ। সমস্যাটা আসলে মানসিক চাপের, আবেগেরও। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাঁকে ভীষণ চাপে ফেলে দিয়েছিল। তবে সব সমস্যার সমাধান হয়েছে। আমি ও কুতিনহো ছেলেবেলার বন্ধু। তাঁর চিকিৎসা আমিই করি। মানসিক প্রেরণাটা ভীষণ দরকার ছিল কুতিনহোর। তবে এখন চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, খেলার মতো সুস্থ কুতিনহো।’ সূত্র: মার্কা, মিরর।