বার্সায় সুখী মেসি!
পরশু আর্জেন্টাইন দৈনিক ওলেকে দেওয়া মেসির সাক্ষাৎকারের পর বদলে গেছে চিত্রপট। শুরু হয়ে গেছে পক্ষে-বিপক্ষে আলোচনা। তবে সত্যিই কি বার্সেলোনা ছাড়বেন মেসি? নাকি বার্সেলোনাই ছাড়বে মেসিকে! বার্সা আর মেসি অভিন্ন সত্তা—এটা কি আর জোর দিয়ে বলা যাবে? সাবেক বার্সা ও বর্তমান আর্জেন্টিনা কোচ জেরার্ড মার্টিনো বলছেন, যাবে। তবে শিষ্যের মতো তাঁর কথার মধ্যেও ‘যদি’, ‘কিন্তু’র ফাঁকফোকর।
আগের মৌসুমে মার্টিনোই ছিলেন বার্সার কোচ। সেই সুবাদে খুব কাছ থেকেই দেখেছেন মেসিকে। উপলব্ধি করেছেন, বার্সা ও মেসি শব্দ দুটি সমার্থক। সে জন্যই সম্ভবত মার্টিনো বুঝতে পারছেন, ‘বার্সার সঙ্গে মেসির যে বন্ধন, তাতে আমার মনে হয় তার পক্ষে ক্লাব ছাড়া খুব কঠিন হবে।’ কিন্তু কঠিন হলেও বার্সা ছাড়া যে অসম্ভব নয়, বলেছেন সেটিও, ‘বিশ্বে এখন অনেক বিকল্প। বড় দলগুলোয় যদি সে নিজেকে মানিয়ে নিতে পারে, তাহলে এটা সম্ভব।’ তবে জুড়ে দিয়েছেন একটি পাদটীকা, ‘আমার মনে হয় সে যেখানে খেলে, তার খুশি থাকা উচিত।’
মার্টিনোর শেষ কথাটিই যেন মুখ থেকে কেড়ে নিয়ে মেসির বাবা বলছেন, তাঁর ছেলে সুখেই আছে বার্সায়। শুধু মেসির বাবা বলে নন, তাঁর কথাকে গুরুত্ব দিতে হবে, কারণ তিনি মেসির এজেন্টও। তাহলে মেসি যে দার্শনিকের মতো বললেন, কখন কী হয় কে জানে! সিনিয়র মেসির চোখে এটি লোকজনের বাড়াবাড়ি, ‘আমার মনে হয় সবাই একটু বাড়িয়েই বলছে। মেসি এখানে সুখেই আছে। এটা তো সত্যিই, ক্লাব যদি কোনো দিন এই প্রস্তাব দেয়, “আমরা তোমাকে বিক্রি করতে চাই”, তখন তো আর তার কিছু করার থাকবে না! তবে এখন, এই মুহূর্তে বার্সা ছাড়ার কোনো পরিকল্পনা নেই ওর।’ গোলডটকম।