বার্সা-রিয়ালকে ছাড়িয়ে অ্যাটলেটিকো

বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের চেয়ে একটি ম্যাচ বেশিই খেলেছে তারা। তার পরও লিগের পয়েন্ট তালিকার শীর্ষারোহণ বলে কথা! শনিবার লেভান্তের বিপক্ষে টমাস পার্টির গোলে জিতে লিগের শীর্ষে ওঠাটা তাই উদ্যাপিতই হচ্ছে অ্যাটলেটিকো শিবিরে। বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট আর নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থাকাটা তো উদ্যাপন করার মতো উপলক্ষই।
তবে সিংহাসনে অ্যাটলেটিকো কদিন থাকতে পারবে, তা একটা প্রশ্ন বটে। বার্সেলোনা পরের ম্যাচটা জিতলেই আবার ফিরে পাবে শীর্ষস্থান। রিয়ালের তরফ থেকে অবশ্য হুমকির মাত্রাটা একটু কমই। ৫ পয়েন্টে পিছিয়ে থাকায় আজকের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতলেও অ্যাটলেটিকোর চেয়ে ২ পয়েন্টে পিছিয়েই থাকবে তারা। তবে শনিবার অ্যাটলেটিকোর জয় আর বার্সার ড্র লা লিগার শিরোপা লড়াইটাকে ভালোই জমিয়ে তুলেছে।
এমন একটা পরিস্থিতিতে যেকোনো কোচ দলের কাছ থেকে যা চাইবেন, ডিয়েগো সিমিওনেও তা-ই চাইছেন। অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচের ভালোই জানা, মৌসুমের এই পর্যায়ে এসে প্রতিদ্বন্দ্বী দলগুলো মরণ-কামড়ই দিতে চাইবে। সেটি জয় করে সাফল্য পেতে হলে খেলোয়াড়দের ছাড়িয়ে যেতে হবে নিজেদের।
পুরো মৌসুমজুড়েই অ্যাটলেটিকো মাদ্রিদকে নির্ভরতা যুগিয়ে আসছে শক্তিশালী রক্ষণভাগ। লিগের ১৮ ম্যাচে মাত্র ৮ গোল খাওয়াটা সেটিরই প্রমাণ। লেভান্তের বিপক্ষে ম্যাচটি ছিল অ্যাটলেটিকোর ‘গোল না খাওয়া’ ১১ তম ম্যাচ। তবে অ্যাটলেটিকোকে যথেষ্ট ভোগাচ্ছে তাদের ‘গোল করতে না পারার’ ব্যাপারটি। ঘানাইয়ান মিডফিল্ডার টমাস পার্টির প্রথম গোলকে এই সমস্যার সমাধান ভাবাটা একটু বাড়াবাড়িই হয়ে যায়।
দুই বছর আগে অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগাকে ‘দুই ঘোড়ার দৌড়’-এর অপবাদ থেকে মুক্ত করেছিল। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে জিতেছিল শিরোপা। কিন্তু সে মৌসুমে অ্যাটলেটিকোর খেলার মধ্যে যে ‘বারুদ’ দেখা গিয়েছিল, সেটা কী এই মৌসুমে আছে? সিমিওনে মনে করেন, সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে হলে সেই ‘বারুদ’টারই বড় প্রয়োজন মাঠে।
অ্যাটলেটিকো এখনো সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বলেই দাবি সিমিওনের, ‘আমার দলের আরও ভালো খেলার সামর্থ্য আছে। আমরা আরও গতিতে খেলতে পারি। আরও বেশি ধারাবাহিক হতে পারি। ফাইনাল থার্ডে আমাদের আরও ভালো পাস দেওয়ার সামর্থ্যও আছে। তবে আমরা যে গোল পাচ্ছি না, আর এটাই আমাকে ভাবাচ্ছে সবচেয়ে বেশি।’
শুধু লা লিগা নয়, সিমিওনে ও অ্যাটলেটিকোর আকাশে আছে কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগও। দুটিরই শেষ ষোলোয় উঠেছে অ্যাটলেটিকো। সম্ভাবনার বিচারে তাই অ্যাটলেটিকো দুই স্প্যানিশ পরাশক্তির চেয়ে একটুও পিছিয়ে নয়। সূত্র: এএফপি।