বার্সেলোনাই সবচেয়ে জনপ্রিয়, ভোটে প্রমাণিত

গত এক দশকে কেবল চ্যাম্পিয়নস লিগই জিতেছে চারবার। দুটো ক্লাব বিশ্বকাপ। আরও বেশি সাফল্য ঘরোয়া লিগেও। গত দশ বছরে তারা লিগ জিতেছে সাতবার। ফুটবলে এখন চলছে বার্সেলোনা-যুগ। শুধু শিরোপা নয়, বার্সেলোনা তাদের খেলার ধরনে জিতে নিয়েছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনও। এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ক্লাব মেসি-নেইমারদের বার্সাই।
ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের এক ভোটাভুটিতে ১ লাখেরও বেশি পাঠকের ভোটে জনপ্রিয়তায় সবার ওপরে আছে বার্সা। মোট ভোটের ১৮ শতাংশই গেছে বার্সার নামের পাশে। সব মিলিয়ে তারা ভোট পেয়েছে ১৯ হাজার ৭০৩টি। এর পরেই আছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুল পেয়েছে ১৭ হাজার ৪৩৩টি ভোট। মাত্র ৩১৫টি ভোটের কারণে ইউনাইটেড পেল না দুই নম্বর জায়গাটি।
বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে এই ভোটের তালিকায় চারে। ১২ শতাংশ ভোট (১২,৬৬৩) পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। রিয়ালের চেয়ে একটু পিছিয়ে আছে আর্সেনাল (১২ হাজার ৫৯৯)। সাম্প্রতিক সময়ে ফুটবলে নিজেদের শক্তিটা জোরদার করলেও জনপ্রিয়তায় বিস্ময়করভাবে মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছে বায়ার্ন মিউনিখ। এমনকি ইন্টার মিলানও তাদের চেয়ে এক শতাংশ ভোট বেশি পেয়েছে। চেলসি-জুভেন্টাস দুই দলই পেয়েছে চার শতাংশ করে ভোট। এর পরেই জনপ্রিয়তায় আছে এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি ও পিএসজি।
যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় ক্লাব ইউনাইটেড। এর পরেই আছে আর্সেনাল। ব্রিটিশ ফুটবল ভক্তদের কাছে চেলসি, লিভারপুল ও ম্যান সিটির চেয়েও বার্সা-রিয়াল বেশি জনপ্রিয় হিসেবে প্রমাণিত হয়েছে এই ভোটে। এমনকি জার্মানিতেও বার্সেলোনা (২২ শতাংশ) বায়ার্নের (১৯ শতাংশ) চেয়ে বেশি ভোট পেয়েছে। জরিপে অংশ নেওয়া স্পেনের ফুটবলপ্রেমীরা ৪০ শতাংশ ভোট দিয়েছে বার্সাকে, রিয়াল পেয়েছে প্রায় অর্ধেক (২৪ শতাংশ)।