বার্সেলোনার আদালতে মেসি

আজ বাদে কাল শুরু হয়ে যাচ্ছে কোপা আমেরিকা। কোথায় লিওনেল মেসি খেলায় মন দেবেন, উল্টো ব্যস্ত থাকছেন আইন-আদালত নিয়ে। কর ফাঁকি-সংক্রান্ত মামলায় কাল বার্সেলোনার আদালতে যেতে হয়েছিল মেসিকে। আগের কথারই আবার পুনরাবৃত্তি করলেন, দাবি করলেন কর ফাঁকির বিষয়ে তিনি কিছুই জানতেন না।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইমেজ স্বত্ব নিয়ে প্রায় ৪০ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল মেসি ও তাঁর বাবা হোর্হে হোরাসিও মেসির বিরুদ্ধে। কাল তৃতীয় দিনের শুনানিতে মেসি দাবি করেছেন, পুরো ব্যাপারে তিনি অন্ধকারেই আছেন, ‘আমি তো খেলায় ব্যস্ত ছিলাম। এটা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। আমি তো আমার বাবা ও আইনজীবীকে বিশ্বাস করেছিলাম।’
অভিযোগ উঠেছে, অ্যাডিডাস, পেপসি-কোলা, প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের মতো প্রতিষ্ঠানের বিপণন খাত থেকে মেসি যে টাকা পেয়েছেন, তার বেশির ভাগেরই কর দেওয়া হয়নি। মেসির কথা, এসবের কিছুই তিনি জানতেন না, ‘আমি শুধু জানতাম কয়েকটি পৃষ্ঠপোষকের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছে। আর সে জন্য আমাকে ছবি বা ভিডিওতে অংশ নিতে হবে। কিন্তু সেই টাকা কোথায় গেছে আমি কিছুই জানি না।’ এএফপি।