বার্সেলোনার দর্শনই সেরা, মেনে নিলেন রিয়ালের সাবেক সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল দর্শনেই রিয়ালের চেয়ে এগিয়ে বার্সা, বললেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি। ছবি: এএফপি।
ফুটবল দর্শনেই রিয়ালের চেয়ে এগিয়ে বার্সা, বললেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি। ছবি: এএফপি।

বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। আলাদা দুটি ক্লাবই শুধু নয়; আলাদা রাজনৈতিক বিশ্বাস ও দর্শনও। কাতালান আর মাদ্রিদের সেই দর্শনের সংঘাতের ইতিহাসও অনেক পুরোনো। এই খবর তাই চমকে ওঠার মতোই—রিয়ালের কেউ প্রশংসা করছেন বার্সার দর্শনের। সেটিও সাবেক রিয়াল সভাপতি র‍্যামন ক্যালদেরনের মতো কেউ!


ক্যালদেরন বলেছেন, শুধু বার্সেলোনার প্রশংসা করেই থেমে যাননি, রিয়ালের সমালোচনাও করেছেন। বলেছেন, বার্সেলোনা কখনো নিজেদের ফুটবল-দর্শন থেকে সরে আসেনি। এরই সাফল্য পাচ্ছে। রিয়াল বারবার নিজের দর্শন ও বিশ্বাস থেকে সরে আসার ফলে এখনো একটা স্থিতিশীল দলই গড়তে পারেনি। একের পর এক কোচ বদল হচ্ছে।

ক্যালদেরনের মতে, ১৯৮৮ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বার্সা কোচ থাকার সময় একটা দর্শন বুনে দিয়েছিলেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। এখনো বার্সা সেই দর্শনে বিশ্বাসী। ক্যালদেরনের আশঙ্কা, রিয়ালে যে ধরনের পরিকল্পনাহীনতার যুগ চলছে, তাতে বার্সার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়বে ইতিহাসের সেরা ক্লাবটি।

ক্যালদেরন বলেছেন, ‘আমরা বারবার কোচ বদল করি। আমরা একজন কোচ নিয়োগ দিই, আবার তাঁকে ছুড়ে ফেলি কোনো মানদণ্ড অনুসরণ না করেই। আমার মনে হয় এই একটি জায়গায় বার্সেলোনা আমাদের চেয়ে অনেক পরিকল্পনামাফিক চলেছে। তাদের একটি নির্দিষ্ট ফুটবল-দর্শন আছে, যা আমার খুব ভালো লাগে। ইয়োহান ক্রুইফ বার্সেলোনার জন্য খেলার একটি ধরন ও কৌশল সেই কবে নির্ধারণ করে দিয়েছিলেন। বার্সেলোনার সবাই সেটাকে সম্মান করে মেনে নিয়েছে। এই কৌশল তাদের সাফল্য দিয়েছে, ব্যর্থতাও কম দেয়নি। কিন্তু তারা এর থেকে এক চুলও সরেনি।’

রিয়ালের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কড়া সমালোচক ক্যালদেরন। গত দশ বছরে ১০ জন কোচের বদল তাঁর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ‘আমরা যদি এ ধরনের অগোছালো অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারি, ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে আরও বড় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমি জানি পেরেজ একজন প্রকৌশলী। কিন্তু দশ বছরে ১০ কোচের বদল মেনে নেওয়া যায় না। কোনো বড় ক্লাবে এমন অগোছালো অবস্থা দেখা যায় না।’ সূত্র: ফোর ফোর টু।