বার্সেলোনায় ম্যাথু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় কিনেই চলেছে বার্সেলোনা। লুইস সুয়ারেজ, ক্লদিও ব্রাভো, ইভান রাকিতিচ, মার্ক-আন্দ্রে টের স্টেগেনদের পর এবার বার্সেলোনা দলে টানল জেরেমি ম্যাথুকে। দীর্ঘদিনের রক্ষণসেনানী কার্লোস পুয়োল বিদায় বলে দেওয়ায় বার্সার রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ে। সেই শূন্যতা পূরণেই ভ্যালেন্সিয়া থেকে ফরাসি ডিফেন্ডারকে নিয়ে এল বার্সেলোনা। চুক্তিটা হয়ে গেছে গতকালই। চার বছরের চুক্তিটা ২ কোটি ইউরোর। চুক্তিটা করে ম্যাথু হয়ে গেছেন ত্রিশোর্ধ্ব ডিফেন্ডারের মধ্যে সবচেয়ে দামি ডিফেন্ডার। তাঁকে পেতে ভালোই বেগ পেতে হয়েছে বার্সাকে। একের পর এক প্রস্তাব পাঠিয়েও ভ্যালেন্সিয়াকে রাজি করাতে পারছিল না বার্সা। গত সপ্তাহে ম্যাথুই বার্সার সঙ্গে আলোচনা করতে ক্লাবকে চিঠি দেন। তিনি বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবে খেলার সুযোগ এসেছে। এ মুহূর্তে আমি সেটাই চাই।’ নতুন খেলোয়াড় কেনার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিক্রির প্রক্রিয়াও। গত পরশুই তরুণ স্ট্রাইকার বোজান কিরকিচকে ইংলিশ ক্লাব স্টোক সিটির কাছে বিক্রি করে দিয়েছে বার্সা। স্টোকের সঙ্গে কিরকিচের চুক্তিও চার বছরের। এএফপি।