বার্সেলোনা আজ হারলেও চ্যাম্পিয়ন হবে, তবে অ্যাটলেটিকোর সহযোগিতা নিয়ে

>• দেপোর্তিভোর মাঠে আজ হার এড়ালেই লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা
• হারলেও শিরোপা জয়ের সুযোগ থাকবে বার্সার
• তবে সে ক্ষেত্রে অ্যাটলেটিকো-আলাভেস ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে
লা লিগা পয়েন্ট টেবিল (শীর্ষ পাঁচ দল) | |||||
দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
বার্সেলোনা | ৩৩ | ২৫ | ৮ | ০ | ৮৩ |
অ্যাটলেটিকো | ৩৪ | ২১ | ৯ | ৪ | ৭২ |
রিয়ালমাদ্রিদ | ৩৪ | ২১ | ৮ | ৫ | ৭১ |
ভ্যালেন্সিয়া | ৩৪ | ২০ | ৬ | ৮ | ৬৬ |
রিয়ালবেটিস | ৩৪ | ১৭ | ৫ | ১২ | ৫৬ |
* গতকাল পর্যন্ত | |||||
দেপোর্তিভো লা করুনার মাঠে আজ রাতে বার্সেলোনার লক্ষ্য কি? অবশ্যই জয়। তাহলেই লিগ শিরোপা জয় নিশ্চিত। ড্র করলেও শিরোপা নিশ্চিত হয়ে যাবে। এমনকি হারলেও! তবে সেটা নির্ভর করছে অ্যাটলেটিকো মাদ্রিদ-আলাভেস ম্যাচের ফলের ওপর। এই ম্যাচ শেষ হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর মাঠে নামবে বার্সা। অর্থাৎ দেপোর্তিভোর বিপক্ষে কী করতে হবে সেটা জানা থাকবে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের।
৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় অ্যাটলেটিকোর সংগ্রহ ৩৪ ম্যাচে ৭২ পয়েন্ট। অর্থাৎ দুই দলের মধ্যে ১১ পয়েন্টের ব্যবধান। আলাভেসের বিপক্ষে আজ অ্যাটলেটিকো জিতলে ব্যবধানটা নেমে আসবে ৮ পয়েন্টে। তখন দেপোর্তিভোর মাঠে জিতলে কিংবা ড্র করলেই বার্সা চ্যাম্পিয়ন।
জিতলে তো কোনো কথাই নেই। কারণ তখন হাতে ৪ ম্যাচ রেখে বার্সার সংগ্রহ দাঁড়াবে ৮৬ পয়েন্ট। অ্যাটলেটিকো বাকি ৩ ম্যাচ জিতলেও বার্সাকে আর ধরতে পারবে না। তবে বার্সা যদি দেপোর্তিভোর মাঠে ড্র করে? তখন ভালভার্দের শিষ্যদের সংগ্রহ হবে ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট। অ্যাটলেটিকো আলাভেসের বিপক্ষে জয়ের পর বাকি ৩ ম্যাচ জিতলে তাঁদের সংগ্রহও দাঁড়াবে ৮৪ পয়েন্ট। কিন্তু লিগে অ্যাটলেটিকোর সঙ্গে মুখোমুখি ফলে (একটিতে ড্র, আরেকটিতে জয়) এগিয়ে থাকায় বার্সাই চ্যাম্পিয়ন হবে।
দেপোর্তিভোর মাঠে বার্সা হারলেও চ্যাম্পিয়ন হবে। সে ক্ষেত্রে আলাভেস-অ্যাটলেটিকো ম্যাচটা ড্র হতে হবে। তখন ৩৪ ম্যাচে বার্সার ৮৩ পয়েন্টই থাকবে আর অ্যাটলেটিকোর ৩৫ ম্যাচে ৭৩। ডিয়েগো সিমিওনের দল তখন বাকি ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট তুলে নিলেও বার্সাকে ধরতে পারবে না। আবার এমনও হতে পারে আলাভেসের বিপক্ষে অ্যাটলেটিকো জিতল এবং দেপোর্তিভোর মাঠে বার্সা হারল! তখন কী হবে?
তখন ৬ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্ল্যাসিকো’ পর্যন্ত জিততে হবে বার্সাকে। তাহলে অ্যাটলেটিকো বাকি ৩ ম্যাচ জিতলেও বার্সাকে আর ধরতে পারবে না। কিন্তু লিগ জয়ের সমীকরণ বার্সা নিশ্চয়ই ‘এল ক্ল্যাসিকো’ পর্যন্ত টেনে নেবে না! আজ বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে আলাভেসের মুখোমুখি হবে অ্যাটলেটিকো। বার্সা দেপোর্তিভোর মাঠে নামবে রাত ১২টা ৪৫ মিনিটে।