বার্সেলোনা ড্রয়ের পর হারের স্বাদ নিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করালেও নিজে গোল পাননি মেসি। ছবি: এএফপি
গোল করালেও নিজে গোল পাননি মেসি। ছবি: এএফপি
>লা লিগায় লেগানেসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন কুতিনহো। লেগানেসের পক্ষে একটি করে গোল করেন এল ঝার ও অস্কার রদ্রিগেজ।

লা লিগায় টানা চার ম্যাচে জয়। জিরোনার বিপক্ষে পাঁচ নম্বর ম্যাচটিতে নিজেদের মাঠেই পা ফসকে গিয়েছিল বার্সেলোনার। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল সেদিন। ড্রয়ের পর লেগানেসের বিপক্ষে ২-১ গোলে হেরে চলতি মৌসুমে লেগানেসের মাঠে প্রথম হারের স্বাদ নিল স্প্যানিশ জায়ান্টরা। এই মৌসুমে লেগানেসের এটিই প্রথম জয়। 

লেগানেসের বিপক্ষে হারের পর ছোট্ট এই তথ্যটি অপ্রাসঙ্গিক মনে হবে না নিশ্চয়—লা লিগায় মাদ্রিদের কোনো ক্লাবের বিপক্ষে এর আগের ১৩টি অ্যাওয়ে ম্যাচে একবারও হারেনি কাতালনরা। এর মধ্যে ১১টিতে জয় আর ২টি ম্যাচ ড্র করেছে বার্সেলোনা। মাদ্রিদের কোনো ক্লাবের বিপক্ষে লা লিগার অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা শেষ হেরেছিল ২০১৪ সালের অক্টোবরে। সেটা রিয়ালের মাঠ বার্না ব্যুতে। ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতেছিল ৩-১ গোলের ব্যবধানে। আর এই লেগানেসের বিপক্ষে লিগের আগের চারটি ম্যাচেই জয় পেয়েছিল বার্সেলোনা।

বুধবার রাতে শুরুটা অবশ্য বার্সেলোনা বর্তমান চ্যাম্পিয়নের মতোই করেছে। ম্যাচের ১২ মিনিটেই মেসির পাসে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান কুতিনহো। ১৬ মিনিটে ফের আক্রমণে ওঠে বার্সা। মেসির হাওয়ায় ভাসানো শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে স্কোরলাইন ওই মুহূর্তে আর বাড়েনি। গোল ব্যবধানে এগিয়ে থেকে মাঝমাঠ দখল নিয়ে খেলেন ভালভার্দের শিষ্যরা। স্কোরলাইন বাড়ানোর জোরালো প্রচেষ্টা খুব একটা দেখা যায়নি বার্সার খেলায়। বরং অতিথিদের খেলা বেশ ঝিমিয়ে পড়াই মনে হয়েছে।

দ্বিতীয়ার্ধে নিজের হারিয়ে ফেলে বার্সেলোনা। সেটার খেসারতও দেয় তাঁরা। ম্যাচের ৫২ মিনিটে এল ঝারের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। পাল্টা আক্রমণে উঠে সিলভার বাড়ানো বল হেড করে বল জালে জড়ান এল ঝার। পরের মিনিটে বার্সার রক্ষণে আবারও আঘাত হানে লেগানেসের খেলোয়াড়েরা। এবার অবশ্য কাতালানদের রক্ষণের ভুলেই গোল পায় লেগানেস। পিকে ঠিকমতো বল ক্লিয়ার করতে না পারায় বল চলে যায় রদ্রিগেজের কাছে। ৫৩ মিনিটে রদ্রিগেজের গোলে জয় পায় লেগানেস।