বার্সেলোনা থেকে চলেই যাচ্ছেন নেইমার?

বার্সেলোনার জার্সিতে আরও একটি অসাধারণ পারফরম্যান্স। নেইমার আলোতে আরও একবার ভুগল রিয়াল মাদ্রিদ। সম্ভবত শেষবারের মতো। স্প্যানিশ পত্রিকা মার্কার দাবি, ম্যাচের শেষে রিয়াল ড্রেসিং রুমে বিদায় বলে এসেছেন নেইমার!
মার্কা একটি ভিডিও প্রকাশ করেছে ঘণ্টা খানেক আগে। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচের পর রিয়ালের ড্রেসিং রুমে গিয়েছেন নেইমার। সৌজন্য সাক্ষাতে এটা করতেই পারেন একজন ফুটবলার। কিন্তু রিয়ালের ড্রেসিং রুমে পাক্কা ১৫ মিনিট কাটানোতে সবাই ধারণা করছেন, শেষবারের মতো বিদায় বলতেই গিয়েছেন তিনি। রিয়ালের ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় তাঁর হাতে দুটি জার্সিও বিতর্ক উসকে দিয়েছে। কারণ, সার্জিও রামোস আগেই জানিয়েছেন, তাঁর সঙ্গে জার্সি অদলবদল করেছেন নেইমার। তাহলে নেইমারের হাতে দুটি জার্সি কেন? শেষবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেলার স্মারকই কি নিয়ে রাখলেন ব্রাজিল ফরোয়ার্ড!
প্যারিস সেন্ট জার্মেইয়ে রেকর্ড গড়ে যাচ্ছেন নেইমার—এ রকম গুঞ্জনে যে ছোটখাটো এমন বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এখন। ফ্রান্স ও কাতালান অনেক পত্রিকা দাবি করছে, আগামীকাল কিংবা পরশু (মঙ্গলবার) নেইমারের দলবদলের সংবাদ এসে পৌঁছাবে। সূত্র: মার্কা।
ভিডিওতে দেখে নিন