বার্সেলোনা পথ হারাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা ভালো যাচ্ছে না বার্সার। ছবি: এএফপি
সময়টা ভালো যাচ্ছে না বার্সার। ছবি: এএফপি
• লিগে সর্বশেষ ৫ ম্যাচে বার্সা হারিয়েছে ৬ পয়েন্ট
• লিগের প্রথম ২১ ম্যাচের মাত্র তিনটিতে ড্র করেছিল বার্সা। সেই তারাই সর্বশেষ ৫ ম্যাচে ড্র করেছে তিনবার
• লিগে তারা অ্যাটলেটিকোর বিপক্ষে সর্বশেষ আট মৌসুমে হারেনি

হ্যাপি নিউ ইয়ারের শুভকামনা এবার বার্সেলোনাকে কে কে জানিয়েছে? যাঁরাই জানান, তাঁদের প্রার্থনা কিন্তু কবুল হয়নি। নতুন বছর থেকেই বার্সেলোনাকে মনে হচ্ছে পথ হারানো এক দল। যে বার্সা ক্ষুধামান্দ্যয় ভুগছে। শুরুর অবিশ্বাস্য যাত্রার পর যারা হয়তো ক্লান্ত। একটু ছন্দছাড়া। অনেকটাই ছন্দহীন। 

মৌসুম উদ্বোধন স্প্যানিশ সুপার কাপ বাদ দিলে মূল প্রতিযোগিতায় এ মৌসুমে বার্সেলোনা সব প্রতিযোগিতায় ৪১ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে। লিগে যেমন এখনো হারেনি, হারেনি চ্যাম্পিয়নস লিগে। কাপের ফাইনালে উঠে বসে আছে। কিন্তু মৌসুম যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করছে, সেই সময়ই বার্সা যেন পথ হারাতে শুরু করল। সর্বশেষ ম্যাচে লিগে ড্র করেছে লাস পালমাসের বিপক্ষে। ১-১ ড্র ম্যাচে রেফারির বিতর্কিত পেনাল্টির ভূমিকা আছে। কিন্তু বার্সা সমর্থকেরা এও জানেন, জানুয়ারি মাস থেকে কেন জানি মাঝেমধ্যেই বার্সাকে ধারহীন একটা দলের মতো লাগে। রেলিগেশনের ঝুঁকিতে থাকা পালমাসের বিপক্ষেও খুব ধারালো ছিল না দল।
লিগের প্রথম ২১ ম্যাচের মাত্র তিনটিতে ড্র করেছিল বার্সা। সেই তারাই সর্বশেষ ৫ ম্যাচে ড্র করেছে তিনবার। বার্সেলোনা পুরো মৌসুমে সব প্রতিযোগিতায় যে ১০ ম্যাচে ড্র করেছে, তার অর্ধেক ড্র এসেছে জানুয়ারির পর। বার্সেলোনার একমাত্র পরাজয়টিও এসেছে জানুয়ারিতে, কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে এসপানিওলের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে চেলসির কাছে বার্সা হারেনি সৌভাগ্যের কারণে। উইলিয়ানের দুটি শট লেগেছে পোস্টে।
লিগে সর্বশেষ ৫ ম্যাচে বার্সা হারিয়েছে ৬ পয়েন্ট। এই সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদ লিগে জিতেছে টানা ৬ ম্যাচ। ফলে লা লিগার ২০ রাউন্ড শেষে বার্সা ও অ্যাটলেটিকোর পয়েন্ট ব্যবধান যেখানে ছিল ১১, সেটি এখন কমে হয়ে গেছে ৫। এ অবস্থায় আগামীকাল মুখোমুখি হবে অ্যাটলেটিকোর। বার্সা খেলবে নিজেদের মাঠে। এটা যদি স্বস্তির কারণ হয়, অস্বস্তি হলো, নিজেদের মাঠে বার্সা সেল্টা ভিগো আর গেটাফের বিপক্ষেও ড্র করেছে। ড্র করলে পয়েন্ট ব্যবধান একই থাকবে। কিন্তু অ্যাটলেটিকোর জন্য উজ্জীবিত হওয়ার কারণ হলো, বার্সাকে হারিয়ে দিতে পারলে ব্যবধান নেমে আসবে দুইয়ে।
ডিয়েগো সিমিওনের দল জান লড়িয়ে খেলবে। তাদের আত্মবিশ্বাস জোগাবে সাম্প্রতিক ফর্ম। তবে বার্সার জন্য আশার কথা হলো, লিগে তারা অ্যাটলেটিকোর বিপক্ষে সর্বশেষ আট মৌসুমে হারেনি।
কিন্তু বার্সা সমর্থকদের দুশ্চিন্তা কেবল লিগ নিয়ে নয়। যে দলটাকে অপ্রতিরোধ্য, অপরাজেয় মনে হচ্ছিল, সেই বার্সাকে এখন পুঁচকে দলগুলোও চোখ রাঙাচ্ছে। ফুটবল এক দীর্ঘ মৌসুমের লড়াই। ফলে বার্সার জন্য একটা খারাপ সময় আসতই। সেই সময়ের ফেরে বার্সা এখনই ঢুকে পড়েছে কি না, তা শিগগিরই স্পষ্ট হবে। অথচ এই সময়টাই মৌসুমের আসল সময়। যখন আর আড়াই মাসের মতো বাকি!
আরও একটি ট্রেবল বার্সার জন্য অপেক্ষা করছে কি না, এমন আলোচনাও যেখানে চলছিল, সেখানে লিগ শিরোপা নিয়ে আবার দেখা দিল শঙ্কা। চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগটাও বার্সা খুব আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে নামবে এও নয়। আশার কথা একটাই, বার্সার মতো দলের জন্য ছন্দহীনতার চক্র বেশিক্ষণ থাকে না। কে জানে, কালকেই দুর্দান্ত বার্সাকে আবার দেখা যাবে কি না। মহাগুরুত্বপূর্ণ মহারণ শুরু বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।