বার্সেলোনা শুধুই পেছনে হাঁটছে
রোনাল্ড কোমান নির্ঘাত হতভম্ব হয়ে ভাবছেন, দুটোই কি একই দল? চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচ মেসিকে ছাড়াই দাপট দেখিয়ে জয় পেয়েছে বার্সেলোনা। সে দলটাই লিগে দ্বিতীয় স্তর থেকে উঠে আসা এক দলের কাছে হেরে বসেছে, মাঠে মেসি থাকার পরও!
চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ ম্যাচ জয়ী বার্সেলোনা লিগে ১০ ম্যাচেই হেরে বসেছে চারটিতে। লিগে সমান ম্যাচ খেলে আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে ১২ পয়েন্টে। প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে থাকা রিয়াল মাদ্রিদও এক ম্যাচ বেশি খেলে এগিয়ে আছে ৬ পয়েন্টে।
গত ২৪ অক্টোবর নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে হারের পর ভালোই ফর্ম খুঁজে পেয়েছিল বার্সা। কাদিজের সঙ্গে ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের মাত্র একটিতে হেরেছিল, সেটাও শীর্ষস্থানে থাকা আতলেতিকোর মাঠে। ফলে আবারও আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল দলটি। কিন্তু কাদিজের কাছে ২-১ গোলের হার দলটিকে আবার মাটিতে নামিয়ে এনেছে। আবারও রক্ষণের ভুলে হেরেছে বার্সা। যে হারে কোচ রোনাল্ড কোমানের উপলব্ধি, লিগ শিরোপা জয়ে পেছনের দিকে ছুটছে বার্সেলোনা।
১০ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট বার্সেলোনার। ১৯৮৭/৮৮ মৌসুমের পর ১০ ম্যাচ শেষে এত কম পয়েন্ট কখনো ছিল না কাতালানদের। মাঠের পারফরম্যান্সও এই পরিসংখ্যানের পক্ষে কথা বলছে। কাল ২১ বার শট নিয়েছে বার্সেলোনা। কিন্তু গোলের জন্য প্রতিপক্ষের ওপরই ভরসা করতে হয় মেসিদের। ম্যাচে বার্সেলোনার একমাত্র গোল ছিল আত্মঘাতী। প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন বার্সা। কাতালানদের ইতিহাসে এমন কিছু সর্বশেষ ঘটেছে ২০০৭/০৮ মৌসুমে। যে মৌসুমে ব্যর্থতার পর পেপ গার্দিওলাকে কোচ বানিয়েছিল তারা।
এমন পারফরম্যান্সের পর নিজের খেলোয়াড়দের রক্ষা করার কোনো চেষ্টা করেননি কোমান। ক্লেমঁ লংলে ও মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ভুলে দ্বিতীয় গোলটি পেয়েছে কাদিজ। সে গোলের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দ্বিতীয় গোলের মতো গোল তো খাওয়া যাবে না। এটা সম্পূর্ণ মনোযোগের অভাব। কী ঘটেছে, এটা ব্যাখ্যা করা কঠিন, কারণ, ভালো একটা সপ্তাহ কাটিয়েছি। আমার মনে হয়, প্রথমার্ধ ভালো ছিল না। আমরা অনেকবার বল হারিয়েছি। দ্বিতীয়ার্ধে একটু ভালো খেলেছি।’
লা লিগায় এবার দুর্দান্ত গতিতে ছুটছে আতলেতিকো। মাত্র দুটি ম্যাচে পয়েন্ট খুইয়েছে তারা। এমন অবস্থা চলতে থাকলে লিগ শিরোপা দৌড়ে বার্সেলোনার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে দলটি। নিজের দলের পারফরম্যান্স নিয়ে বলার কিছু পাচ্ছেন না বার্সা কোচ, ‘লা লিগার দৌড়ে অনেক পিছিয়ে গেলাম। আতলেতিকোর মতো দলের সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধানটা বিশাল। আমি খুব হতাশ।’
বার্সেলোনার ‘মূল’ সমস্যাটাও যেন ধরতে পেরেছেন কোমান, ‘প্রতিপক্ষের মাঠে খুব বেশি পয়েন্ট হারাচ্ছি। যদি অন্যের মাঠে মানসিকতা বদলাতে না পারি, তাহলে কিছু বলার নেই। আমাদের খেলায় অনেক উত্থান-পতন ছিল, আমাদের মানসিকতা সেদিক দিয়ে ভালোই ছিল। কিন্তু কিছু মুহূর্তে তা আর থাকছে না। পায়ে বল না থাকলে আমরা ব্যর্থ হচ্ছি। এটা পুরো দলেরই সমস্যা।’