বার্সেলোনা শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল নিয়ে ছুটছেন লিওনেল মেসি। মেসি কাল গোল না পেলেও জয়সূচক গোলের কারিগর ছিলেন তিনিই।  ছবি: এএফপি
বল নিয়ে ছুটছেন লিওনেল মেসি। মেসি কাল গোল না পেলেও জয়সূচক গোলের কারিগর ছিলেন তিনিই। ছবি: এএফপি

জো হার্ট চেষ্টা করেছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সে নিজের দায়িত্বটা বীরত্বের সঙ্গেই পালন করেছেন তিনি। কিন্তু শেষ আটে জায়গা পেতে যে ম্যানচেস্টার সিটিকে চরম নাটকীয় করে দেখাতে হতো! নাহ্‌, ন্যু ক্যাম্পে কাল কোনো নাটক হয়নি। ইভান রাকিতিচের গোলে জিতে শেষ আটের একটা জায়গা ঠিকই বুকিং দিয়ে দিয়েছে বার্সেলোনা। 
এই জয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে অষ্টমবারের মতো শেষ আট নিশ্চিত করল মেসির দল। ম্যানচেস্টার সিটির মাঠে বার্সেলোনা জয় পেয়েছিল ২-১ গোলের।
পুরো ম্যাচেই কাল বার্সার আধিপত্য ছিল প্রশ্নাতীত। মেসি-নেইমার যুগলের আক্রমণে দিশেহারা সিটির ত্রাণকর্তা হয়ে বারবারই অবতীর্ণ হয়েছেন গোলরক্ষক হার্ট। খেলার ৩১ মিনিটের সময় রাকিতিচ জয়সূচক গোলটি করেন। গোলটিকে ছিল মেসির দুর্দান্ত ভূমিকা। তাঁর ক্রসকেই বুক দিয়ে নামিয়ে আলতো টোকায় সিটির গোলে বল ঠেলেন রাকিতিচ।
ম্যানচেস্টার সিটির হারে এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ আটে থাকল না কোনো ইংলিশ দল।
ম্যাচ শেষে নিজের সন্তুষ্টিটা পুরোপুরি প্রকাশ করেননি বার্সেলোনা কোচ লুইস এনরিকে। তাঁর মতে, পুরো খেলায় বার্সেলোনার যে পারফরম্যান্স, তাতে স্কোরলাইনটা আরও স্বাস্থ্যকর হতে পারতো, ‘এই ধরনের ম্যাচে এমন আধিপত্য দেখা যায় না। আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। কিন্তু সেই সুযোগ গোলে পরিণত করতে পারিনি। সিটি গোলরক্ষক জো হার্টের প্রশংসা করতেই হয়, সে অসাধারণ খেলেছে। জিতে আমি সন্তুষ্ট। কিন্তু স্কোর লাইনটা একটু ভারী করতে পারলে বোধ হয় তৃপ্তিটা আরও বেশি লাগতো। ’ সূত্র: এএফপি