বার্সেলোনার গোললাইন হতাশা

১৮তম গ্র্যান্ড স্লামটা যে জিতেই গেলেন, সেটা বুঝতে হক-আই রিভিউ নিতে হয়েছে রজার ফেদেরারকে। তাঁর উইনারটা দাগ ছুঁয়ে যাওয়ার পর উচ্ছ্বাসে ভেসেছেন ফেদেরার। এর প্রায় মিনিট দশেক পর অন্য এক মহাদেশে আরেকটি বল যখন লাইন পেরিয়ে গেল, তখন ও রকমই এক প্রযুক্তির অভাবে হতাশায় ডুবল বার্সেলোনা। রেফারিদের বিতর্কিত এক সিদ্ধান্তে কাল রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।
পরিসংখ্যান বলুন কিংবা ম্যাচে দুই দলের পারফরম্যান্স, গতকাল বেটিস-বার্সেলোনা ম্যাচটি ড্র হওয়াটাকে অন্যায় বলা যাবে না। কিন্তু সত্যটা হলো, রেফারির ভুলে কাল বেটিসের মাঠে পয়েন্ট খুইয়েছে কাতালানরা। ৭৮ মিনিটে জর্ডি আলবার শট ফেরাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দিচ্ছিলেন পাতসেয়ো। আইসা মেন্দি অবিশ্বাস্যভাবে গোললাইন থেকে বল ফেরান। তবে রিপ্লেতে দেখা গেছে, মেন্দির পা ছোঁয়ার আগেই বল গোললাইন পেরিয়ে গেছে। এর এক মিনিট আগেও আরেকটা গোললাইন সেভ করেছেন মেন্দি, তবে সেবার রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল।
এর একটু আগেই ৭৫ মিনিটে মার্ক টের স্টেগেনের ভুল কাজে লাগিয়ে অ্যালেক্স অ্যালেগ্রিয়া এগিয়ে দেন বেটিসকে। তাই রেফারি ভুলভাবে গোলটা বাতিল না করলে সমতায় ফিরত বার্সেলোনা। আর ৯০ মিনিটে সুয়ারেজের গোলে ম্যাচটা জিতেই মাঠ ছাড়ত বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। বার্সেলোনা কোচ লুইস এনরিকে তাই লা লিগায় গোললাইন প্রযুক্তি ব্যবহারের আবেদন জানাচ্ছেন, ‘আমি রিপ্লে দেখেছি। প্রযুক্তি এ ক্ষেত্রে সাহায্য করতে পারে। এটা পরিষ্কার, রেফারিদের সাহায্য দরকার। যে সিদ্ধান্ত আমার পক্ষে যাবে, শুধু সেগুলো নয়, অন্য সিদ্ধান্তের জন্যও এটা বলছি আমি।’ লুইস সুয়ারেজও দুঃখ করেছেন এ নিয়ে, ‘শেষদিকে সমতায় ফিরেছি, তবে আমরা আগেই এটা পেতে পারতাম। বলটা গোললাইনের অন্তত এক মিটার ভেতরে গেছে।’
তবে ম্যাচে বেটিসই গোলের সুযোগ পেয়েছে বেশি। একবার ক্রসবার ও একবার পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে বিতর্কিত সিদ্ধান্তের আগেই ৩ গোলে এগিয়ে যেত পারত স্বাগতিক দল। পুরো ম্যাচে বেটিস শট নিয়েছে ১৭টি, মাত্র ১০টি শট ছিল বার্সার। সে জন্যই এ ফল মেনে নিয়েছেন বার্সা কোচ, ‘আমরা ভালো খেলিনি, প্রথমার্ধে অনেক ভুল করেছি। ম্যাচটা বিশ্লেষণ করতে হলে আবারও দেখতে হবে। তবে আমার মতে আমরা এক পয়েন্ট পেয়েছি, দুই পয়েন্ট হারাইনি!’
এ ড্রয়ের ফলে বার্সার লিগ শিরোপা স্বপ্নটা একটু ধাক্কা খেয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ম্যাচ কম খেলেই ১ পয়েন্ট এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এখনই হাল না ছাড়লেও হতাশাটা তাই লুকাননি এনরিকে, ‘আমি জানি না শিরোপা দৌড়ে এটা প্রভাব ফেলবে কি না, তবে এটি আমাদের কাছে প্রত্যাশিত ছিল না।’ এএফপি, মার্কা।