বার্সেলোনার ঘরের ছেলে যাচ্ছেন রিয়ালে?

মাতেও কোভাচিচ এ মৌসুমে আর সাদা জার্সি গায়ে চাপাচ্ছেন না। নিয়মিত মাঠে নামার আশায় রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে এসেছেন এই ক্রোয়াট। তাঁর দলবদলের গুঞ্জন শুরু হতেই কোচ হুলেন লোপেতেগির কাছে প্রশ্ন ছুটে গিয়েছিল এ নিয়ে। রিয়ালের নতুন কোচ নিয়ে মাথা ঘামাতে না চাইলেও পরে বলেছিলেন, কোভাচিচ গেলে তাঁর মানের আরেক মিডফিল্ডার আনবে রিয়াল। বাজারের গুঞ্জন যদি সত্যি হয়ে থাকে হতাশ হতে হচ্ছে না লোপেতেগিকে।
স্প্যানিশ রেডিও ওন্দা সেরোর দাবি, থিয়াগো আলকানতারাই হলেন রিয়ালের সেই কাঙ্ক্ষিত মিডফিল্ডার। বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার নাকি জার্মানিতে পাঁচ বছর কাটিয়ে এবার নতুন চ্যালেঞ্জ নিতে চান। বায়ার্নেরও নাকি থিয়াগোকে ছেড়ে দিতে কোনো আপত্তি নেই। আর স্পেন দলের কোচ থাকাকালীন লোপেতেগিরও খুব পছন্দের খেলোয়াড় এই থিয়াগো। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছে সবাই।
বার্সেলোনা সমর্থকদের এ সংবাদটা ভালো লাগার কথা নয়। একে তো চিরপ্রতিদ্বন্দ্বীদের দলের শক্তি বাড়ছে। তারপর খেলোয়াড়টি যে তাদের নিজের ঘরের। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা থিয়াগো সে দলের হয়েই পেশাদার ফুটবলে পা রেখেছেন। জাভি-ইনিয়েস্তার উত্তরসূরি হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এ দুজনের কারণেই আবার মূল একাদশে জায়গা মিলছিল না। হতাশায় পেপ গার্দিওলার ডাকে বায়ার্নে চলে যান থিয়াগো। এই স্প্যানিশ মিডফিল্ডার স্পেনে ফিরলে বার্সেলোনার জার্সিতেই ফিরবেন বলে আশায় ছিলেন বার্সা সমর্থকেরা। কিন্তু ওন্দা সেরো যে উল্টো কথা বলছে।
ওন্দা সেরো দাবি করেছে, রিয়াল এরই মাঝে খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে ফেলেছে। এখন বায়ার্ন মিউনিখের সঙ্গে দর কষাকষিটাই বাকি। বায়ার্নের নতুন কোচ নিকো কোভাচের চোখে অতটা গুরুত্বপূর্ণ না হওয়ায় থিয়াগোকে ধরে রাখার জন্য অত চেষ্টা করবে না জার্মান চ্যাম্পিয়নরা। ৫০ মিলিয়ন ইউরোতেই নাকি ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে ছেড়ে দেবে তারা।