বার্সেলোনার ফাইনাল দেখাবে না টেন স্পোর্টস
কোপা ডেল রে’র ফাইনালে আজ রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায় মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাটলেটিক বিলবাও। কিন্তু এই ম্যাচটি টেলিভিশনে সরাসরি দেখা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানেও সরাসরি টেলিভিশনে দেখা যাবে না ম্যাচটি।
খেলাটি দেখানোর কথা ছিল টেন স্পোর্টসের। স্প্যানিশ লিগ সম্প্রচারের স্বত্ব হারিয়ে ফেললেও কোপা ডেল রে’র খেলাগুলো দেখিয়ে আসছিল টেন স্পোর্টস ও টেন অ্যাকশন। ফাইনালটিও সম্প্রচার করার কথা ছিল তাদের। গত শুক্রবারও টেন স্পোর্টস তাদের ওয়েবসাইটে টেলিভিশন সূচিতে দেখিয়েছিল ফাইনালটি তারা সরাসরি সম্প্রচার করবে। কিন্তু গতকাল শনিবার আকস্মিকভাবে টেন স্পোর্টসের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়, ফাইনালটির সম্প্রচার স্বত্ব তাদের হাতে নেই। এ কারণে ম্যাচটি সরাসরি দেখাতে পারছে না তারা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে কোপা ডেল রে’র সম্প্রচার স্বত্ব শুধুমাত্র ছিল টেন স্পোর্টসের। সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করে এলেও ঠিক কী কারণে ফাইনালটির সম্প্রচার স্বত্ব তাদের কাছে নেই, এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি টেন স্পোর্টস।