বার্সেলোনার মতো আধিপত্য শুধু এক দলই দেখাতে পেরেছে - রিয়াল মাদ্রিদ

বার্সেলোনা অধ্যায়কে বিদায় বলে দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তাঁর বিদায়ক্ষণ দিয়েই শেষ হলো বার্সেলোনার সফলতম এক দশক। ২০০৮-০৯ মৌসুমে শুরু হয়েছিল বার্সেলোনার সোনালি প্রজন্মের উত্থান। ঠিক এক দশক পর বার্সাকে যখন বিদায় দিচ্ছেন ইনিয়েস্তা, এই ১০ বছরেই কেবিনেটে সাজিয়ে নিয়েছেন ২৭টি ট্রফি! ফুটবলের ইতিহাসেই এমন আধিপত্য দেখাতে পেরেছে খুব কম দল।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় পেপ গার্দিওলাকে। প্রথম মৌসুমেই টিকি-টাকার দুর্দান্ত প্রদর্শনীতে সম্ভাব্য ছয় শিরোপার ছয়টিই জিতে নেন গার্দিওলা। বার্সেলোনার দশকের শুরুটাও তখন। প্রথম মৌসুমের মতো সর্বজয়ী হতে না পারলেও এই ১০ বছরে ৭টি লা লিগা জিতেছে বার্সেলোনা। কোপা ডেল রে জিতেছে ছয়টি, এর মাঝে গত চার বছর এ শিরোপা কারও হাতে যেতে দেয়নি। লিগ ও কাপের এমন সাফল্য স্প্যানিশ সুপার কাপেও টেনে নিয়েছে তারা। ৫টি সুপার কাপ জিতেছেন ইনিয়েস্তা-মেসিরা।
ঘরোয়া এ সাফল্য ইউরোপেও টেনেছে কাতালান ক্লাব। গত ১০ বছরে ৩টি চ্যাম্পিয়নস জিতেছে বার্সেলোনা। সে সুবাদে তিনটি উয়েফা সুপার কাপ খেলেছে, জিতেছে তিনটিই। ক্লাব বিশ্বকাপও তিনবার জয় করা হয়েছে ইনিয়েস্তা-পিকেদের। বার্সার এমন সাফল্য স্রোতের উল্টো দিকে রিয়াল মাদ্রিদ কোণঠাসা হয়ে ছিল স্পেনে। এ দশ বছরে মাত্র দুটি লা লিগা, দুটি কোপা ডেল রে ও দুটি উয়েফা সুপার কাপ জিতেছে রিয়াল। আন্তর্জাতিক টুর্নামেন্টে ৯টি শিরোপাই এ দশকে রিয়ালের ট্রফি সংখ্যা ১৫-তে তুলে এনেছে।

প্রশ্ন তাই জাগতেই পারে, এমন আধিপত্য কি এবারই প্রথম দেখাল কোনো দল?
লা লিগায় এতটা না হলেও নব্বইয়ের দশকে (১৯৯১-০০) ভালোই দাপট ছিল বার্সেলোনার। সে দশকে ছয়বার লিগ শিরোপা জিতেছে দলটি। সে সঙ্গে ২টি কোপা ডেল রে, ৪টি স্প্যানিশ সুপার কাপ ও ১টি চ্যাম্পিয়নস লিগ। বার্সেলোনার প্রথম ইউরোপিয়ান কাপ ট্রফি এসেছিল এই সময়েই। অবশ্য এর আগে লিগে দাপট দেখানোয় এর ধারে-কাছেও কখনো যেতে পারেনি ক্লাবটি। সে তুলনায় পঞ্চাশের দশকে (১৯৫১-৬০) পাঁচটি কাপ জয় দেখাচ্ছে, কোপা ডেল রেতে দাপট ছিল বার্সেলোনার।
আশির দশকের মাঝপথে ঠিক এমনটাই দাপট ছিল রিয়ালের। ১৯৮৬ থেকে ৯৫—এই ১০ মৌসুমে ছয়বার লিগ শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোরা। এর মাঝে প্রথম পাঁচটি শিরোপা ছিল টানা! সে সঙ্গে ২টি কোপা ডেল রে, ৪টি স্প্যানিশ সুপার কাপ ও ১টি ইউরোপা লিগ। আশির দশকেও (১৯৭১-৮০) ছয়বার লিগ শিরোপা গেছে রিয়ালের কাছে। সে সঙ্গে তিনটি কোপা ডেল রে।
তবে মেসি-ইনিয়েস্তার মতো সর্বক্ষেত্রে দাপট দেখানোর কাছাকাছি ছিল রিয়ালের মাত্র একটি দল। আলফ্রেডো ডি স্টেফানো-ফেরেঙ্ক পুসকাসদের দল এক দশকে (১৯৫৪-৬৩) সাতটি লা লিগা জিতেছিল। সে সঙ্গে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ তো আছেই। কোপা ডেল রেতে কেন যেন খুব একটা সফল ছিল না দলটি (একটি শিরোপা)। তখন স্প্যানিশ সুপার কাপ কিংবা ইউরোপিয়ান সুপার কাপ কিংবা ক্লাব বিশ্বকাপের অস্তিত্ব না থাকায় ট্রফি ক্যাবিনেটে সেগুলো রাখার সুযোগ হয়নি স্টেফানো-পুসকাসদের। না হলে, ট্রফির সংখ্যায় মেসি-ইনিয়েস্তাদের সঙ্গে লড়াইটা যে জমত তাঁদের, এতে কোনো সন্দেহ নেই।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ট্রফি কেবিনেটের তুলনা:
ঘরোয়া টুর্নামেন্ট | ||
রিয়াল মাদ্রিদ | টুর্নামেন্ট | বার্সেলোনা |
৩৩ | লা লিগা | ২৫ |
১৯ | কোপা ডেল রে | ৩০ |
১০ | স্প্যানিশ সুপার কাপ | ১২ |
১ | কোপা এভা দুয়ার্তে | ৩ |
১ | কোপা দে লা লিগা | ২ |
৬৪ | মোট | ৭২ |
বৈশ্বিক টুর্নামেন্ট | ||
৩ | ফিফা ক্লাব বিশ্বকাপ | ৩ |
১২ | চ্যাম্পিয়নস লিগ | ৫ |
২ | ইউরোপা লিগ | ০ |
৪ | উয়েফা সুপার কাপ | ৫ |
০ | উয়েফা উইনার্স কাপ | ৪ |
০* | ইন্টার সিটিস ফেয়ারস কাপ | ৩ |
২১ | মোট | ২০ |
* রিয়াল মাদ্রিদ কখনো ইন্টার সিটিস ফেয়ারস কাপে অংশ নেয়নি | ||