বার্সেলোনার মুখের গ্রাস কেড়ে নিচ্ছে ডর্টমুন্ড
বার্সেলোনার সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের এর আগেও টক্কর লেগেছিল।
২০১৭ সালে উইঙ্গার উসমান দেম্বেলেকে হাতছাড়া করার ইচ্ছা ছিল না ডর্টমুন্ডের। ওদিকে খেলোয়াড় গোঁ ধরে বসে ছিলেন, বার্সেলোনাতেই খেলবেন। উপায় না দেখে তাঁকে ছাড়তে রাজি হলেও বার্সেলোনাকে ছেড়ে দেয়নি ডর্টমুন্ড। একদম কড়ায় গন্ডায় আদায় করেছে ১৪ কোটি ইউরো। যে দলবদলের অঙ্ক আর্থিক দুর্দশায় ভোগা বার্সেলোনাকে এখনো পোড়ায়।
নতুন করে আবার বার্সেলোনাকে ধাক্কা দিচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। আরলিং হরলান্ডের পর আবারও নতুন এক স্ট্রাইকার এনে হাজির করেছে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবুর্গ। করিম আদেয়েমি নামের এই জার্মান তরুণের ওপর নজর পড়েছে ইউরোপিয়ান পরাশক্তিগুলোর। বার্সায় পুনর্গঠন পর্বে জাভির নাকি তাঁকে বেশ পছন্দ হয়েছিল। কিন্তু বার্সা নয়, ডর্টমুন্ডই আদেয়েমিকে পেতে যাচ্ছে বলে ইউরোপে জোর গুঞ্জন।
দুই বছর আগে সালজবুর্গেই নজর কেড়েছিলেন হরলান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকার কেমন খেলেন, তা দেখতে হাজির হয়েছিলেন ৪০টি ক্লাবের স্কাউট। কিন্তু ইঁদুর দৌড়ে জিতেছিল ডর্টমুন্ড। ক্যারিয়ারের গ্রাফ ধরে রাখা এবং সে সঙ্গে বড় দলে খেলার অভিজ্ঞতা নেওয়া—দুটি কাজই সেরে নিতে ডর্টমুন্ডকে বেছে নিয়েছিলেন হরলান্ড।
আগামী জুনেই হরলান্ড যে ডর্টমুন্ড ছাড়ছেন, এটা প্রায় নিশ্চিত। গত দেড় বছরে ডর্টমুন্ডে হরলান্ড প্রমাণ করে দিয়েছেন, কোনো ধূমকেতু নন, ধ্রুবতারা হতেই এসেছেন। এই স্ট্রাইকারের জন্য আরেক দফা টানাহেঁচড়া শুরুর অপেক্ষা এখন।
এতে ডর্টমুন্ডের আপত্তি থাকার কথা নয়। কারণ, তরুণ প্রতিভা খুঁজে তাঁদের ধনী ক্লাবের কাছে বিক্রি করাকে ‘শিল্প’ বানিয়ে ফেলেছে দলটি। দেম্বেলের পর এ মৌসুমের শুরুতে জ্যাডন সাঞ্চোকেও ৮ কোটি ৫০ লাখ ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করেছে তারা। হরলান্ডের ক্ষেত্রেও বেশ বড় দাও মারার অপেক্ষায় জার্মান ক্লাবটি।
কিন্তু হরলান্ডকে বিক্রি করলে, তাঁর জায়গা নেওয়ার মতো কাউকে তো কিনতে হবে। আর এখানেই হাজির হচ্ছেন আদেয়েমি। ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার এ মৌসুমে অস্ট্রিয়ার লিগে ১৬ ম্যাচে ১১ গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগেও সালজবুর্গকে শেষ ষোলোতে ওঠানোর পথে করেছেন ৩ গোল।
বল পায়ে ভালো, দুর্দান্ত গতি, জমাট রক্ষণ ভাঙতে জানেন এবং সে সঙ্গে গোল করতে জানেন—এমন এক স্ট্রাইকারকে ৪ কোটি ইউরোর নিচে বিক্রি করতে রাজি নয় সালজবুর্গ। বার্সেলোনা নাকি এই অর্থ দিয়ে হলেও আদেয়েমিকে দলে টানতে আগ্রহী ছিল।
ওদিকে ডর্টমুন্ড আদেয়েমির জন্য ৩ কোটি ৫০ লাখ ইউরো দিতে আগ্রহী। এদিক থেকে বার্সেলোনার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু জার্মান ফরোয়ার্ড ডর্টমুন্ডে যেতেই আগ্রহী।
সাঞ্চো, হরলান্ডদের ক্যারিয়ার দেখার পর এমন সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা হতেই পারে আদেয়েমির। এখন সালজবুর্গ রাজি হওয়ার অপেক্ষা শুধু।