বার্সেলোনার শিরোপা পঞ্চক

‘তিন’। এ মুহূর্তে বার্সেলোনার সবচেয়ে প্রিয় সংখ্যা। ২০১৫ কোপা ডেল রের ফাইনালে প্রতিপক্ষের জালে গোল? তিনটি। সেবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে? গোল ওই তিনটিই। তিন মানে ‘এমএসএন’। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার। তিন মানে শিরোপাত্রয়ী—স্প্যানিশ লিগ, স্প্যানিশ কাপ, চ্যাম্পিয়নস লিগ। তিন মানে তিনটি সাল—২০০৯, ২০১১, ২০১৫।
শেষের তিনের আখ্যান? ধরে ফেলেছেন নিশ্চয়ই। বার্সার তিন বিশ্বকাপ। এবং কী আশ্চর্য, গতকাল জাপানের ইয়োকোহামার ফাইনালেও তিনের বৃত্তেই থাকল বার্সা। আরও একটি ফাইনাল, প্রতিপক্ষের জালে ৩ গোল। রিভার প্লেটকেও ৩-০ গোলে হারিয়ে ক্লাব শ্রেষ্ঠত্বে বিশ্ব মুকুটও পরল ইউরোপের সেরারা। প্রথম ক্লাব হিসেবে জিতল তিনটি বিশ্বকাপ।
সব মিলিয়ে এটি এ বছরে তাদের পঞ্চম শিরোপা। স্প্যানিশ সুপার কাপটা অবিশ্বাস্যভাবে হেরে না গেলে গার্দিওলার আমলের শিরোপা-ষষ্ঠকের পুনরাবৃত্তি হয়েও যেত।
একটি গোল মেসির। দুটি সুয়ারেজের। গোল তালিকায় নেইমারের নাম নেই। কিন্তু দুটি গোলই নেইমারের বানিয়ে দেওয়া। বিশ্বকাপের তৃতীয় ট্রফিটা এল এই ত্রয়ীতে ভর করেই। সেমিফাইনালে না থাকলেও ঠিকই এমএসএনত্রয়ী মাঠে নামল। অর্কেস্ট্রা জমিয়ে তুলতে সময় লাগল ৩৫ মিনিট। তখনই নেইমারের ক্রস থেকে মেসির প্রথম গোল। প্রথমার্ধ ১-০ ছিল বলে রিভারের ঘুরে আসার সম্ভাবনা সুযোগ দুটিই ছিল। কিন্তু ৪৯ মিনিটে সুয়ারেজ তাঁর প্রথম আর ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি করে ‘সব শেষ’ করে দেন। এই টুর্নামেন্টে উরুগুইয়ান স্ট্রাইকারের ৫ গোল। সব মিলে তিন আসরে ৫ গোল লিওনেল মেসিরও।
বক্সের বাঁ পাশ থেকে নেইমারের হেড থেকে আসা বলটা মেসি যখন পেলেন, সামনে বাধা হয়ে দাঁড়িয়ে এক ডিফেন্ডার। বাঁ হাঁটুর আলতো টোকায় তাঁকে এড়িয়ে গেলেন। বল মাটিতে পড়ার আগেই ওই ডিফেন্ডারের পড়িমরি চ্যালেঞ্জ এড়িয়ে আবারও বাঁ পায়ের ছোঁয়া। রিভার প্লেট গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়িয়ে গেল জালে—গোল! ভাষ্যকারের কণ্ঠে কম্পিত গর্জন—‘লিওনেল মেসি...ম্যাজিকাল।’ কিডনির পাথরটাই শুধু নয়, মেসি আরও একবার জাপানকে মনে রাখার মতো কিছু উপহার দিয়ে এলেন!
প্রথমার্ধে মেসির ওই গোলের আগে ম্যাচে বেশ ভালোভাবেই লড়ছিল রিভার। বার কয়েক বার্সার গোলমুখে আক্রমণও করেছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই আর্জেন্টিনার ক্লাবটিকে ছিটকে দিলেন সুয়ারেজ।
মাঝমাঠ থেকে বাতাসে ভাসানো বুসকেটসের দুর্দান্ত লব থ্রু স্রেফ ধন্দে ফেলে দিল রিভারের শেষ রক্ষণসীমাকে। সেটি ধরেই ধারালো গতিতে ঢুকে পড়লেন সুয়ারেজ। রিভার গোলরক্ষক পা দিয়ে আটকানোর চেষ্টা করলেন বটে, বৃথা চেষ্টা! ১৯ মিনিট পর আবারও গোল। এবারের গোলটি নিখুঁত গোলশিকারির। নেইমারের অসাধারণ ক্রস থেকে হেড করে বলটাকে জালে জড়িয়ে দিলেন সুয়ারেজ। অভিষেক টুর্নামেন্ট, তাতে দুই ম্যাচেই ৫ গোল—টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সোনালি বলটা গেল তাঁর কাছেই।
বাকি সময়টায় যা হলো, তাতে গোলের তালিকায় নেইমারেরও নাম লেখানো কিংবা সুয়ারেজের হ্যাটট্রিকের চেষ্টা। টুর্নামেন্টের অতীতে ইউরোপীয় দলগুলোকে বেশ ভোগানোর যে উদাহরণ আছে দক্ষিণ আমেরিকার; সেগুলোও ততক্ষণে ভুলে গেছে সবাই। অবশ্য রিভার সান্ত্বনার একটি গোল পেতেই পারত। ক্লদিও ব্রাভোর দুর্দান্ত সেভের পর পোস্ট হতাশ করেছে আর্জেন্টিনার ক্লাবটিকে।
মেসি রুপালি বল পেয়েছেন, যা পেয়ে তিনি অভ্যস্ত নন। তবে সামনে ব্যালন ডি’অরের সোনালি বলের হাতছানি তো আছেই!
আর নেইমার? তিনি খুশি রইলেন দলের দুই গোলে অবদান রেখে, দলের সঙ্গে শিরোপা উল্লাস করতে পেরেই। চার বছর আগে এই মাঠেই বার্সার কাছে নাজেহাল হয়েছিল তাঁর তখনকার দল সান্তোস। সেই স্মৃতি ফিরে এসেছিল কি না, কে জানে। তবে ট্রফি নিয়ে নেইমার যেভাবে আনন্দে লাফালেন, বয়সটা যে তাঁর বছর চারেক কমে গিয়েছিল তখন, সন্দেহ নেই! তথ্যসূত্র: নিও স্পোর্টস

সংখ্যায় সংখ্যায় ক্লাব বিশ্বকাপ
৩
একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি ক্লাব বিশ্বকাপ ফাইনালে গোল করলেন মেসি।
৫
ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলের সংখ্যা। গোলদাতা তিনজন—মেসি, লুইস সুয়ারেজ, সিজার ডেলগাডো।
৭
প্রথম খেলোয়াড় ক্লাব ও জাতীয় দল মিলে হিসেবে এক বর্ষপঞ্জিতে সাতটি প্রতিযোগিতা খেলে এর প্রত্যেকটিতেই গোল করা রেকর্ড করলেন মেসি।
২২
বার্সেলোনার আন্তর্জাতিক শিরোপাসংখ্যা, বিশ্ব রেকর্ড।
২৬
মেসির জেতা শিরোপাসংখ্যা, ইতিহাসেই যেকোনো আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।
৫০
কালকের জয়টি ছিল এ বছরে বার্সেলোনার ৫০তম জয়।
১৭৬
২০১৫ সালে বার্সেলোনার গোলসংখ্যা, এটি তাদের নতুন ক্লাব রেকর্ডও।