বার্সেলোনার সঙ্গে ক্যাম্প ন্যুতে খেলতে চায় না নাপোলি

সমস্যার বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না বার্সেলোনা । মাঠের পারফরম্যান্সে সমর্থকদের হতাশা বাড়াচ্ছেন মেসিরা। ক্লাব সভাপতির বদল চাইছেন সমর্থকেরা। অভ্যন্তরীণ সমস্যায় যখন হাবুডুবু খেতে হচ্ছে , তখন নতুন সমস্যার সামনে দাঁড় করিয়ে দিল প্রতিপক্ষ দল। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে স্পেনে গিয়ে খেলতে চায় না ইতালিয়ান ক্লাব নাপোলি।
এরই মধ্যে উয়েফার কাছে স্পেনের কাতালান প্রদেশের করোনা পরিস্থিতির কথা তুলে ধরে ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি। শেষ পর্যন্ত নাপোলির আবেদন যদি মঞ্জুর হয়, বড় ক্ষতি হতে পারে বার্সার। করোনা মহামরি শুরু হওয়ার আগে শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে নাপোলির মাঠে গিয়ে ১–১ গোলে ড্র করেছিল মেসিরা। ঘরের মাঠে দ্বিতীয় পর্বে যখন জয়ের স্বপ্নে বিভোর, তখন নতুন ধাক্কা হয়ে আসতে পারে ম্যাচটি সরিয়ে নেওয়ার খবরে। এমনিতেই লা লিগা শিরোপা হারিয়ে এখন চ্যাম্পিয়নস লিগের দিকেই তাকিয়ে আছেন মেসিরা। নাপোলির বিপক্ষে ক্যাম্প ন্যুতে ম্যাচটি হওয়ার কথা ৮ আগস্ট।
ইউরোপের যে কটি দেশ করোনায় ভীষণ বিপর্যস্ত হয়েছিল, স্পেন তার অন্যতম। স্পেনের উত্তর–পূর্বাঞ্চলীয় কাতালান অঞ্চলে এখনো করোনার প্রকট কমেনি। সেখানকার অধিবাসীদের ১৫ দিন ঘরে থাকতে বলা হয়েছে। সেখানে তাই খেলার ব্যাপারে প্রশ্ন তুলেছেন নাপোলি প্রেসিডেন্ট ডি লউরেন্তিস, 'আমি বুঝতে পারছি না কেন আমরা সেই শহরে থাকব, যেখানে বড় সমস্যা আছে।'
যদিও স্কাই ইটালিয়ার সঙ্গে আলাপচারিতায় বার্সেলোনার বিপক্ষে খেলাকে বড় ব্যাপার হিসেবে উল্লেখ করেছেন তিনি,'বার্সেলোনার বিপক্ষে খেলা সব সমসময় বড় ব্যাপার। এই গ্রীষ্মে তাদের বিপক্ষে দুবার খেলেছি। এরপর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেললাম। এবার চতুর্থটি খেলব।'
এর পর তাঁর ভীতির কথা আবারও বলেছেন নাপোলি সভাপতি, 'স্পেন থেকে ভয়ের খবর আসছে। উয়েফা নির্বিকার। তারা জানে না কীভাবে এটি পরিচালনা করতে হবে। যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নস লিগ পর্তুগালে হবে আর ইউরোপা জার্মানিতে হবে, তাহলে আমি মনে করি আমাদের ফিরতি পর্ব জার্মানি বা পর্তুগালে খেলা উচিত।'