বার্সেলোনার সামনে স্কলারির দল

সেমিফাইনালে উঠেই নিজের স্বপ্নের কথা জানিয়ে দিলেন লুইস ফেলিপে স্কলারি। স্বপ্নটা খুব বড় নয়, বার্সেলোনাকে হারাতে চান এই ব্রাজিলিয়ান কোচ। গতকাল মেক্সিকোর ক্লাব আমেরিকাকে ২–১ গোলে হারিয়েছে তাঁর দল গুয়াংজু এভারগ্রান্ডে। এই জয় দিয়ে ১৭ ডিসেম্বরের সেমিফাইনাল নিশ্চিত করেছে চীনের ক্লাবটি, যেখানে বার্সার মুখোমুখি হবে তারা। কিন্তু এতেও ভয় পাচ্ছেন না বিশ্বকাপজয়ী কোচ, ‘বার্সেলোনাকে হারানোর স্বপ্ন দেখব না কেন? আমরা জানি আমরা ছোট দল, কিন্তু অসাধারণ কিছু জিততে চাই আমরাও। এ নিয়েই কাজ করব আমরা। আমার খেলোয়াড়েরা এটা সম্ভব মেনে খেলতে নামবে।’ এই লক্ষ্য অর্জনের জন্য ভালো সুযোগই পাবেন স্কলারি। সর্বশেষ তিন ম্যাচে জয়শূন্য বার্সেলোনা এমনিতেই চোট পেয়েছে আত্মবিশ্বাসে, তারওপর চোট এ ম্যাচে নামতে দিচ্ছে না তাদের ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও। উল্টো দিকে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী স্কলারির দল। এএফপি।