বার্সেলোনার 'ক্রসবার বিপত্তি'

একে বিপত্তি ছাড়া আর কীই-বা বলা যেতে পারে? ভাগ্য-বিড়ম্বনা হিসেবেও ব্যাপারটিকে অভিহিত করতে পারেন কেউ কেউ। মৌসুমের ১১ সপ্তাহে এখন পর্যন্ত বার্সেলোনার ১১টি গোল প্রতিহত হয়েছে ক্রসবারে লেগে। স্প্যানিশ জায়ান্টদের সামনে প্রতিপক্ষের গোলপোস্টের ফ্রেম যেন মূর্তিমান দুর্ভাগ্য হয়ে দেখা দিয়েছে এই মৌসুমে।
এই তো কিছু দিন আগেই সেল্টা ভিগোর বিপক্ষে হারের দুর্ভাগ্য বরণ করতে হয়েছে বার্সেলোনাকে। ওই ম্যাচে গোলপোস্ট যেন সেল্টা ভিগোর অন্যতম রক্ষণ-সৈনিকের ভূমিকায় নেমেছিল। একটা ম্যাচে কোনো দলের যদি চারটি প্রচেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত হয়, তাহলে সেই দলের জয়ের আশা না করাই ভালো।
কেবল সেল্টা ভিগোর বিপক্ষে কেন, এলচে, ভিয়ারিয়েল ও সর্বশেষ আলমেইরার বিপক্ষে ম্যাচগুলোতেও ‘ক্রসবার-দুর্ভাগ্যে’র শিকার হতে হয়েছে বার্সেলোনাকে। আলমেইরার বিপক্ষে বার্সেলোনা ২-১ গোলে জিতলেও এই ম্যাচে ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে তিনটি প্রচেষ্টা। এলচে ও ভিয়ারিয়েলের বিপক্ষেও দুটি করে প্রচেষ্টার মুখে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার।
বার্সেলোনার ক্রসবার-দুর্ভাগ্যের সবচেয়ে বড় শিকার লিওনেল মেসি। স্প্যানিশ লিগে আর একটি গোল হলেই যিনি সর্বকালেনর সর্বোচ্চ গোলদাতা হিসেবে তেলমো জারার পাশে বসবেন, সেই মেসির মোট ছয়টি প্রচেষ্টা এখন পর্যন্ত ক্রসবারে লেগে ভেস্তে গেছে। মেসি গোল করার ক্ষমতা হারিয়েছেন—এই অভিযোগ যাঁদের ঠোঁটের আগায় লেগে থাকে, তাঁদের মেসির দুর্ভাগ্য নিয়েও একটু কথা বলা উচিত।
বার্সেলোনার দুর্ভাগা খেলোয়াড় হিসেবে মেসির সঙ্গী হয়ে আছেন নেইমার, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও মুনির এল হাদ্দাদি। তবে সংখ্যায় তাঁরা মেসির ধারে-কাছেও নেই। মেসির ছয়টি প্রচেষ্টা যেখানে ক্রসবারের আঘাতে জর্জরিত, সেখানে নেইমার দুবার আর সুয়ারেজ, ইনিয়েস্তা ও মুনিরের ক্রসবার দুর্ভাগ্য একবার করে।
দুর্ভাগ্যের হিসাবে মেসির খুব কাছাকাছি অবশ্য আছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের করিম বেনজেমা। তাঁর চারটি প্রচেষ্টা এখন পর্যন্ত ক্রসবারে লেগে প্রতিহত। ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের ক্রসবার-দুর্ভাগ্য নয়টি। এ ছাড়া রিয়েল সোসিয়েদাদ ও ভিয়ারিয়েল যথাক্রমে আট ও সাতবার ক্রসবারে কপাল ঠুকেছে। তবে ক্রসবারের আঘাত এই মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনাকে যতটা ক্ষতিগ্রস্ত করেছে, তেমনটা আর কোনো ক্লাবকেই করেনি। সূত্র: মার্কা।