বার্সেলোনায় থাকছেন তো মেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদলে যাবে মেসির চিরচেনা জার্সির রঙ? ছবি: ফটোশপে সম্পাদিত
বদলে যাবে মেসির চিরচেনা জার্সির রঙ? ছবি: ফটোশপে সম্পাদিত

‘কখনো অন্য কোনো লিগে খেলার ইচ্ছে আছে?’ আগে প্রশ্নটার উত্তর পাওয়া যেত অন্য রকম। কিন্তু এবার লিওনেল মেসি বললেন, ‘অত দূর চিন্তা করতে চাই না। বর্তমান নিয়েই বাঁচি আমি।’ এর পরের বাক্যে বলেছেন বটে ‘এই মুহূর্তে বার্সেলোনায় আছি। এখানেই আমার জীবিকা, এখানে বেশ ভালোই আছি’, তবু সুরটা যেন কোথায় কেটে গেছে। আগের সেই জোর নেই। সাম্প্রতিক সময়ের ঘটনাবলীর পর এমন ‘দার্শনিক’ উত্তর গুঞ্জনটা বেশ ছড়িয়ে দিয়েছে—মেসি বার্সেলোনায় থাকবেন তো!

স্প্যানিশ ফুটবল বিশ্লেষক গিলেম বালেগকে দেওয়া এই একান্ত সাক্ষাৎকারটির পর থেকেই ‘মেসি বার্সেলোনা ছাড়ছেন’ গুঞ্জনটার পালে বেশ হাওয়া লেগেছে। দলবদলের গুঞ্জনের জন্য ইংলিশ পত্রিকা ‘দ্য সান’ কখনোই বিশ্বাসযোগ্য কিছু নয়। কিন্তু এই উদ্ধৃত করেই স্কাই স্পোর্টস, ইএসপিএন এমনকি ওয়াশিংটন পোস্টও এমন প্রতিবেদন করে যাচ্ছে। সঙ্গে যোগ হয়েছে বালেগের বিশ্লেষণও—প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে যোগ দেওয়ার চিন্তাটা বেশ ভালোভাবেই কাজ করছে মেসির মাথায়! এমনও শোনা যাচ্ছে, গত কয়েক দিনে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গেও নাকি কথা হয়েছে মেসির প্রতিনিধিদের!
স্কাই স্পোর্টসে বালেগ লিখেছেন, সপ্তাহের শুরুর দিকের ওই সাক্ষাৎকারে মেসি ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে বেশ ‘অস্পষ্ট’ উত্তর দিয়েছেন। বালেগের নিজের ব্যাখ্যাটাও পড়ে নিন, ‘ও (মেসি) সেখানে অনেক দিন ধরে আছে। ওটাই ওর জীবন। ওর সবকিছুই ওখানে সাজানো। তবে ব্যাপারটা হচ্ছে, উল্লিখিত ক্লাবগুলোর মধ্যে একটি গত সপ্তাহে দুবার মেসি ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে। এটাই ভাবতে বাধ্য করছে যে, কিছু একটা ঘটছে।’
এর আগেও কয়েকবার চেলসি, সিটির মতো ক্লাবগুলো মেসিকে কেনার জন্য ‘খোঁজ-খবর’ করেছে। তা খোঁজ খবর তো পোর্টভ্যালের মতো অখ্যাত ক্লাবও করতে পারে। তবে যে ব্যাপারটি ইংলিশ মিডিয়া ও বালেগ বেশ জোর দিচ্ছেন, সেটি হচ্ছে এবারের ‘খোঁজখবর’গুলোতে মেসির পক্ষ থেকেও নাকি ‘আন্তরিক সাড়া’ মিলেছে।
স্কাই বেটের মতো প্রসিদ্ধ বাজিকর প্রতিষ্ঠানও আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে মেসিকে বিভিন্ন দলে দেখতে পাওয়ার সম্ভাবনা নিয়ে বাজি শুরু করে দিয়েছে। তাতে চেলসির পক্ষে বাজির দরটাই সবচেয়ে বেশি—৮/১। এর পর আছে আর্সেনাল (১২/১), সিটি (১৪/১), ইউনাইটেড (১৮/১)। বাজির দরে মেসির থেকে যাওয়ার সম্ভাবনাটাই অবশ্য এখনো অবিশ্বাস্য রকম বেশি—১/১০!
গত জানুয়ারিতেও কোচ লুইস এনরিকের সঙ্গে বনিবনা না-হওয়ার জেরে মেসির চেলসিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। ইনস্টাগ্রামে মেসির চেলসিকে ফলো করার ব্যাপারটিও বেশ সাড়া ফেলেছিল। শেষ পর্যন্ত কিছুই হয়নি। বার্সেলোনাতেই থেকে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, ওই মৌসুমে জিতেছেন শিরোপাত্রয়ী।
এখন আবার মেসির বার্সা ছাড়ার গুঞ্জন জোরালো হওয়ার কয়েকটি কারণ অনুমান করা হচ্ছে। কর ফাঁকির মামলা নিয়ে ঝামেলাটাই মূল কারণ। স্প্যানিশ আদালতে মামলায় দোষী প্রমাণিত হলে মেসি ও তাঁর বাবা—দুজনেরই জেলের সাজা হতে পারে জেলে। এটিই বার্সা ফরোয়ার্ডকে ক্লাব ছাড়ার চিন্তা করতে বাধ্য করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিরাট অঙ্কের জরিমানা পরিশোধ করার পর কর সংক্রান্ত ঝামেলা অনেক আগেই মিটে যাওয়া উচিত ছিল বলেই মনে করেন মেসি। কিন্তু এ নিয়ে দিনকে দিন জল আরও ঘোলা হচ্ছে।
তবে যে দলই তাঁকে কিনতে চাইবে, ব্যাংক ব্যালেন্স খালি করার প্রস্তুতি নিয়েই যেতে হবে তাঁদের। ২০১৭ পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি আছে মেসির। এর আগে বার্সাকে অগ্রাহ্য করে মেসিকে কিনতে হলে খরচ করতে হবে ২৫০ মিলিয়ন ইউরো, বর্তমান ট্রান্সফারের বিশ্ব রেকর্ডেরও যেটি আড়াই গুণ। সঙ্গে তাঁর আকাশছোঁয়া বেতনের বিষয়টি তো আছেই।
অবশ্য আগামী মৌসুম থেকে প্রিমিয়ার লিগের টিভি স্বত্বের ৪৩০ কোটি ডলার ক্লাবগুলোর মধ্যে সমান ভাগে ভাগ হবে। সঙ্গে বিভিন্ন বড় প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ বাবদে পাওয়া বড় অঙ্কের অর্থের নিশ্চয়তা আছে বলে ইংল্যান্ডের বড় ক্লাবগুলো মেসিকে কিনতে কোমর বেঁধে নামতেই পারে। তা ছাড়া চেলসি-সিটির মতো ক্লাবগুলোতে রুশ-আরব মালিকানার পেট্রোডলারে ঝনঝনানি তো আছেই। মেসিকে কেনার ক্ষেত্রে এই ক্লাবগুলোর জন্য তাই ‘মানি ইজ নো প্রবলেম’।
মেসির স্প্যানিশ লিগ ছাড়ার আরও একটা বড় কারণ থাকতে পারে। তিনটি চ্যাম্পিয়নস লিগ ও সাতবার লিগ জেতার পর এখান থেকে মেসির পাওয়ার কিছু নেই। নতুন চ্যালেঞ্জ মেসিকে তাড়িত করতেই পারে।
মেসিকে প্রিমিয়ার লিগে খেলতে দেখার ইচ্ছাটা যতই নির্দোষ হোক, তাঁর বার্সা ছাড়ার গুঞ্জনটা এখন পর্যন্ত চাঁদে কোনো একদিন মানুষের বসতি গড়ার মতোই। বার্সা তাঁকে ছাড়বে কি না, কর প্রতারণার মামলায় কী ফল আসে—এখনো অনেক কিছুই একই সুতোয় গেঁথে যাওয়ার বাকি। তবে মেসি হয়তো এখন ভালোভাবেই প্রিমিয়ার লিগের রাডারে আছেন... হয়তো! সূত্র: স্কাই স্পোর্টস, ইউরো স্পোর্ট, ইএসপিএন।