বার্সেলোনায় থাকবেন কি না কিছুক্ষণের মধ্যেই জানাবেন মেসি
রোনাল্ড কোম্যানের ফোন একটুও বিশ্রাম পাচ্ছে না। লুইস সুয়ারেজকে এরই মধ্যে নাকি বলে দিয়েছেন তাঁকে দরকার হবে না নতুন কোচের। এমনকি ক্লাবের দুই কিংবদন্তি জেরার্ড পিকে ও সার্জিও বুসকেটসকেও ফোন দিয়েছেন। একজনকে বলেছেন, থাকতে সমস্যা নেই কিন্তু শতভাগ নিবেদন নিয়ে খেলতে হবে। অন্যজনকে বলেছেন, থাকলেও মাঠের চেয়ে বেঞ্চেই বেশি সময় কাটানোর জন্য প্রস্তুতি নিয়ে রাখা ভালো। ওদিকে যাঁর সঙ্গে সবার আগে কথা বলেছিলেন কোম্যান, সেই মেসিই আজ মুখ খুলতে যাচ্ছেন প্রথমবারের মতো।
ইএসপিএনের বার্সেলোনার প্রতিনিধি ময়েজেস ইয়োরেন্স টুইটারে একটি খবর জানিয়েছেন। আর্জেন্টাইন পত্রিকা ওলের বরাতে দেওয়া সে খবর অনুযায়ী, বার্সেলোনা ক্যারিয়ার আর দীর্ঘ করবেন কি না সে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে মেসির। এখন শুধু প্রকাশ্যে সে সিদ্ধান্ত জানানো বাকি। আর মানুষ যে এই সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে, সেটাও তাঁর জানা। তাই দেরি না করে আজই জানিয়ে দেবেন, ১৩ বছর বয়স থেকে যে ক্লাবের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্ক টিকে থাকবে কি না। তবে নির্দিষ্ট কোনো সময় জানায়নি পত্রিকাটি।
ক্লাবে পালা বদলের ডাক দিয়েছেন বর্তমান কোচ ও ক্লাব কিংবদন্তি কোম্যান। এরই মাঝে নাকি সুয়ারেজ ছাড়াও আর্তুরো ভিদাল, ইভান রাকিতিচ ও স্যামুয়েল উমতিতিকে বের হওয়ার দরজা দেখিয়ে দিয়েছেন। বয়সের ভারে ন্যুব্জ এক ক্লাব থেকে ৩০ এর অন্যদিকে থাকা খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বার্সেলোনা। তবে মেসির ক্ষেত্রে এ সূত্র খাটছে না। বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের একজনকে কেই-বা ছাড়তে চায়! বরং নিজের নতুন প্রকল্পে মেসিকেই নিউক্লিয়াস বানাতে চাইছেন, ‘মেসিকে পাওয়া তো আনন্দের ব্যাপার। ও দলের পরিবর্তনে মূল ভূমিকা রাখবে।’ কিন্তু মেসি নিজে সে পরিবর্তনের অংশ হইতে চাইছেন কি না সেটাই তো নিশ্চিত হতে পারেননি এখনো কোম্যান।
স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি কোম্যানের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হতে পারেননি মেসি। আর প্রিয় বন্ধু সুয়ারেজকে এভাবে চলে যেতে বলাও নাকি মেনে নিতে পারছেন না মেসি। ফলে ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও মেসির এ বছরই বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওলের প্রতিবেদন সত্যি হলে সব প্রশ্নের উত্তর আজই মিলবে।