বার্সেলোনায় ফিরে নিজেকে ‘সুপার হিরো’ মনে হচ্ছে আলভেজের

বার্সেলোনায় ফিরেছেন আলভেজছবি: বার্সেলোনা টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরার স্বপ্ন বহুদিন ধরেই দেখছেন দানি আলভেজ। রাগ করে যখন বার্সেলোনা ছেড়ে গিয়েছিলেন, তখনো তাঁর বিভিন্ন সাক্ষাৎকারে বার্সেলোনার প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন। এত ভালোবাসতেন বলেই আগের বোর্ডের আচরণে খেপে গিয়েছিলেন। জোসেপ মারিয়া বার্তোমেউ ও তাঁর বোর্ড সরে যাওয়ার পরই আবার ফেরার সুযোগ পেয়েছেন আলভেজ। ৩৮ বছর বয়সে আবারও ইউরোপিয়ান ফুটবলে দেখা যাবে ব্রাজিলিয়ান রাইটব্যাককে।

লা লিগার সঙ্গে নিবন্ধনের আনুষ্ঠানিকতা জানুয়ারির আগে সম্পন্ন হচ্ছে না। এ কারণে বার্সেলোনার হয়ে এখনই মাঠে নামার সুযোগ নেই আলভেজের। কিন্তু দানি আলভেজের এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। বার্সেলোনায় ফিরেই নিজেকে ‘সুপার হিরো’ মনে হচ্ছে আলভেজের।

বার্সেলোনায় ফিরে আনন্দিত আলভেজ
ছবি: টুইটার

২০১৬ সালে বার্সেলোনা ছেড়ে গিয়েছিলেন আলভেজ। সাড়ে পাঁচ বছর পর আবার ফিরলেন প্রিয় ক্লাবে। এর মধ্যে অনেক কিছুই বদলে গেছে। আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার, লুইস সুয়ারেজ ও লিওনেল মেসিরা সবাই ক্লাব ছেড়েছেন। তবু সাবেক সতীর্থ জাভির অধীনে বার্সেলোনায় আবার খেলার লোভ সামলাতে পারেননি জাভি।

বার্সেলোনায় ফিরতে পেরে তৃপ্ত আলভেজ
ছবি: টুইটার

‘বার্সাটিভিপ্লুস’কে বলেছেন, ‘আমি এখনো ধাক্কা সামলাচ্ছি। আমি আগেই সবার সামনে বলেছি, বহুদিন ধরেই ফিরতে চাইছি। দুবার চেষ্টা করেছি, কিন্তু তখন সম্ভব হয়নি। যারা মাঠে ও মাঠের বাইরে আমার নিবেদন সম্পর্কে জানে, তাদের সঙ্গে আবার কাজ করতে পারাটা আনন্দের ও গর্বের।’

আলভেজে কতটা খুশি, সেটা এই ছবিতেই টের পাওয়া যাচ্ছে
ছবি: টুইটার

বার্সেলোনায় ফিরতে পেরে কতটা আনন্দিত, সেটা বোঝা গেছে আলভেজের পরের কথায়, ‘আমি সব সময় বলেছি দুটি জার্সিতে খেললেই নিজেকে সুপার হিরো মনে হয়: ব্রাজিল ও বার্সেলোনা। এই দুই জার্সিতে খেললেই আমি শক্তি পাই, অ্যাড্রেনালিন বেশি পাই। আশা করি, এটা সতীর্থদের মধ্যেও ছড়িয়ে দিতে পারব। ফুটবলে আমার সবচেয়ে ভালো স্মৃতিগুলো বার্সেলোনাতেই। আমার ঘর বার্সেলোনায়, আমার কাছের সব মানুষ বার্সেলোনায় থাকে। আমি যে বার্সেলোনায় ফিরব, এটা অবশ্যম্ভাবী। খেলোয়াড় হিসেবে ফিরতে পেরেছি, এটাই আনন্দের ব্যাপার। তবে সেটা যদি না–ও হতো, আমি বার্সেলোনায় ফিরতাম। কারণ, এই দারুণ শহরকে আমি ভালোবাসি।’

বার্সেলোনার হয়ে ৮ বছরে ২৩টি ট্রফি জিতেছেন আলভেজ। এর মধ্যে ছয়টি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ আছে। বার্সেলোনার হয়ে ৩৯১ ম্যাচে ২১ গোলের সঙ্গে ১০১টি গোলে সহায়তা করেছেন আলভেজ।