বার্সেলোনায় মেসি এখন অতীত, মেনে নিতে বললেন কোমান
কিছু ব্যাপার মেনে নিতে হয় সামনে এগিয়ে যাওয়ার স্বার্থেই। এ দুনিয়ায় কোনো কিছুই কারও জন্য অপেক্ষা করে না, দুনিয়াতে কেউই অপরিহার্য নয়। নির্মম হলেও বাস্তবতা এটিই। আর সে কারণেই বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান মেসিকে অতীত মনে করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলছেন।
লিওনেল মেসি বার্সেলোনায় নেই, এটা মেনে নেওয়া বার্সেলোনার সমর্থকদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার। একটা দুঃস্বপ্নের মতো ব্যাপার। অনেকে হয়তো এখনো আশায় আছেন, হঠাৎ ঘুম ভাঙলে দেখা যাবে, মেসি ন্যু ক্যাম্পেই আছেন—বিষয়টি যেন এমন। কিন্তু সত্যিটা হলো, মেসি চলে গেছেন ন্যু ক্যাম্প থেকে, ২১ বছরের বন্ধন ছিন্ন করে তাঁকে চলে যেতে দেওয়া হয়েছে। তিনি এখন পিএসজির সম্পত্তি। কে জানে, এ মৌসুমেই হয়তো মেসিকে মাঠে নেমে বার্সেলোনা–বধের কৌশল বাস্তবায়ন করতে হতে পারে।
এত দিন মেসিকে কেন্দ্রে করে বার্সেলোনার যাবতীয় কৌশল ঠিক করা হলেও এবার কোমানকে তাঁকে ছাড়াই চলতে হবে।
আজ থেকে শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। বার্সা কোচ কোমানকে ছক কষতে হচ্ছে নতুন মৌসুম নিয়ে। এত দিন মেসিকে কেন্দ্রে করে বার্সেলোনার যাবতীয় কৌশল ঠিক করা হলেও এবার কোমানকে তাঁকে ছাড়াই চলতে হবে। কাজটা কঠিন।
মেসি বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ ছিলেন বলেই হয়তো এখন মেসিকে ছাড়াই এগিয়ে যাওয়ার অভ্যাসটা দ্রুত রপ্ত করে ফেলারই আকুতি এই ডাচ কোচের, ‘আমাদের সত্যটা উপলব্ধি করতে হবে। সব খেলোয়াড়েরই একটা শেষ থাকে। মেসি নিয়ে আলাপ–আলোচনা আমাদের এখানেই শেষ করে ফেলা উচিত। এখন আমাদের নতুন মৌসুমে মনোযোগী হতে হবে, এ মৌসুম নিয়ে ভাবতে হবে।’
মেসিকে ‘অতীত’ মনে করে এখন ভবিষ্যতের দিকে চোখ ফেরানোর আহ্বান থাকছে কোমানের কণ্ঠে, ‘এ মৌসুমে আমাদের দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে। এখন তাদের নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই খেলোয়াড়েরাই দলের ভবিষ্যৎ। আমরা এ মুহূর্তে বার্সেলোনা ক্লাবের ভবিষ্যৎ মাথায় রেখে কাজ করছি। ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। মেসিকে নিয়ে গত কয়েক দিন যা যা হলো, সেটি থেকে এখন মনোযোগ ফেরাতে হবে।’
মেসিকে রাখতে না পারাটা বার্সেলোনার সমর্থকদের জন্য বড় এক ধাক্কাই। বিশেষ করে পুরোপুরি আর্থিক সমস্যার কারণেই মেসিকে এবার রাখা যায়নি। কোমান এটি সমর্থকদের উপলব্ধি করতে বলছেন, ‘এটা কঠিন একটা পরিস্থিতি। সবাইকে বুঝতে হবে। মেসিকে রাখা যায়নি ক্লাবের আর্থিক পরিস্থিতির কারণেই। এটা ক্লাব আর মেসির মধ্যকার ব্যাপার।’
তবে মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়টি যে কোমানকেও অবাক করেছে, ‘আমি জানতাম, মেসিকে ধরে রাখার ব্যাপার মেসি, ক্লাব ও লিগের মধ্যে ঝামেলা চলছে। দীর্ঘদিন ধরেই সমস্যাটা চলছে। তবে এটা ঠিক, আমি যখন জানলাম, মেসি আর বার্সেলোনায় নেই, তখন আমিও অবাক হয়েছিলাম।’