বার্সেলোনায় যাবেন মারুফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনায় প্রশিক্ষণে যাচ্ছেন মারুফুল হক। ফাইল ছবি
বার্সেলোনায় প্রশিক্ষণে যাচ্ছেন মারুফুল হক। ফাইল ছবি

বাংলাদেশের ফুটবলে অন্যতম সেরা এক কোচ মারুফুল হক। দেশের ফুটবলে বেশ কয়েকটি বড় বড় ক্লাবের দায়িত্ব পালন করে এখন তিনি আরামবাগের ডাগ আউটে। ২০১২-১৩ মৌসুমে তাঁর হাত ধরেই ‘ট্রেবল’ জিতেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। দক্ষিণ এশিয়া অঞ্চলের একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ নিজেকে আরও শাণিয়ে নিতে এবার যাচ্ছেন বার্সেলোনায়।
আধুনিক কোচিং জ্ঞান নিয়ে পড়াশোনা করাটা তাঁর নেশা। বার্সেলোনায় আগামী বছর ৮ মে থেকে ৮ জুন পর্যন্ত ‘এক্সপার্ট অ্যান্ড ইয়ুথ’ কোচিং কোর্সটি করবেন তিনি। এই কোর্সটি তাঁকে দেশের বাইরে কাজ করার সুযোগ এনে দিতে পারে বলে মনে করেন মারুফুল, ‘কোচিং নিয়ে পড়াশোনার কোনো শেষ নেই। এখান থেকে আমি আরও ভালো কিছু অর্জন করতে পারব—যা আমাকে উন্নত ফুটবল বিশ্বে কাজ করার সুযোগ করে দিতে পারে।’
এই কোর্সের অংশ হিসেবেই বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা লা মাসিয়া ঘুরে দেখার সুযোগ হবে মারুফুলের। কোর্সটির কিছু ব্যবহারিক ও তাত্ত্বিক ক্লাস হওয়ার কথা রয়েছে বার্সেলোনা ক্লাবের বিখ্যাত এই একাডেমিতে।