বালিকা ফুটবলে কানিয়ালখাতা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ান

নীলফামারীতে বালিকা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা দ্বিমুখী উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল শনিবার বিকেলে নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় কানিয়ালখাতা দ্বিমুখী উচ্চবিদ্যালয় ১-০ গোলে লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরী বালিকা উচ্চবিদ্যালয়কে পরাজিত করে। ডিয়াকনিয়ার সহযোগিতায় বেসরকারি সংস্থা ইউএসএস এ টুর্নামেন্টের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।
এ ব্যাপারে বালিকা ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক পলাশবাড়ী বালিকা উচ্চবিদ্যলয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায় বলেন, জেলা সদরের আটটি বিদ্যালয়ের বালিকা ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয়। ১৫ নভেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়। গতকাল চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরনির মধ্য দিয়ে টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে।