বালোতেল্লি ভালো হবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও বালোতেল্লি
মারিও বালোতেল্লি

মারিও বালোতেল্লিকে নিয়ন্ত্রণ করা যায় কীভাবে? কয়েকটি বড় ফুটবল ক্লাবের কোচ প্রশ্নটির উত্তর খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। তবে পাগলাটে ইতালিয়ানকে সামলাতে এসি মিলানের পন্থাটা একটু অভিনবই বটে। লিভারপুল থেকে ধারে আনার সময় বালোতেল্লির চুক্তিতে ‘ভালো আচরণের’ শর্ত জুড়ে দিয়েছে ইতালিয়ান ক্লাবটি।
একে সিংহভাগ সমর্থকেরই সমর্থন নেই, তার ওপর ‘কখন কী করে বসেন’ ঝুঁকিটা থেকেই যায়। তাই কী কী করা যাবে না, এমন একটি তালিকা মিলান কর্তৃপক্ষ ধরিয়ে দিয়েছে বালোতেল্লিকে—ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু করা যাবে না, যাওয়া যাবে না নৈশক্লাবে, চুল ও পোশাক ‘ভদ্রস্থ’ হতে হবে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টগুলোতেও আপত্তিকর কিছু থাকতে পারবে না।
একটু বেশি কঠোর মনে হচ্ছে মিলানের নিয়মগুলো? তেমনটি ভেবে নেওয়ার আগে একবার বালোতেল্লির অতীতের কিছু কাণ্ডকীর্তি তাহলে দেখে নেওয়া যাক—

২০১০
* ইন্টার মিলানে খেলার সময় রাত দেড়টায় মিলানের আবাসিক এলাকায় ক্রমাগত গাড়ির হর্ন বাজিয়ে পুলিশের কাছে জরিমানা গুনেছিলেন। হর্ন বাজানোর কারণ? তাঁর বন্ধুদের কিছু একটা বলতে চেয়েছিলেন!
* সমালোচনা করেছিলেন কোচ হোসে মরিনহো। বালোতেল্লি তো ছেড়ে দেওয়ার পাত্র নন। পাল্টা জবাব দিয়ে নিষিদ্ধ হলেন পাঁচ ম্যাচের জন্য।
* খোলা বাতাসে একটু উন্মত্ততাই পেয়ে বসেছিল হয়তো, কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে মিলানের পিৎজা ডেলা রিপাবলিকায় নিজের গাড়ি থেকে গুলি ছুড়লেন বাতাসে।
* নাপোলিতান মাফিয়া ‘কামোরা’র দুজন সদস্যের সঙ্গে দেখা গিয়েছিল বালোতেল্লিকে। এ জন্য পরে ইতালিয়ান পুলিশের তদন্তের মুখোমুখি হতে হয় তাঁকে।
* ইতালিয়ান কমেডি শো ‘স্ত্রিসিয়া লা নোতিচিয়া’তে গিয়েছিলেন ১৯ বছরের বালোতেল্লি। তাঁর গায়ে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব এসি মিলানের জার্সি। বালোতেল্লির প্রতিনিধি মিনো রাইয়োলা যেটিকে পরে ‘কৌতুক’ হিসেবে দেখতে অনুরোধ জানিয়ে বলেছিলেন, ‘ও মাত্র ১৯ বছরের একটি ছেলে। ও জানে না যা করছে, তার প্রতিক্রিয়া কী হতে পারে।’
* ভাইকে নিয়ে ঘুরে এলেন ব্রেসিয়াতে নিজের এলাকায় মহিলা কারাগারে। কেন? কারণ মহিলা কারাগারের গেটটি খোলা ছিল এবং তাঁদের ইচ্ছা হলো ভেতরে কী হচ্ছে একটু দেখতে। ফলাফল—৩০ মিনিট ধরে পুলিশের জিজ্ঞাসাবাদ।
* ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই গাড়ি দুর্ঘটনায় পড়লেন। সে সময় তাঁর মানিব্যাগে ছিল প্রায় ৫ হাজার পাউন্ড। কেন এত টাকা সঙ্গে নিয়ে ঘুরছেন, পুলিশের এই প্রশ্নে মারিওর উত্তর, ‘কারণ আমি ধনী’।
* প্র্যাকটিস সেশনটা বিরক্তিকর মনে হচ্ছিল বলেই কিনা, একটু ‘কৌতুক’ করার ইচ্ছা হলো বালোতেল্লির। ক্লাবের ট্রেনিং মাঠে ডার্ট ছুড়ে মারলেন যুব দলের এক খেলোয়াড়ের দিকে। ফলাফল—জরিমানা।
* প্র্যাকটিসে কোনো সতীর্থ কড়া ট্যাকল করে বসলে কী করবেন আপনি? জেরোম বোয়াটেংকে জবাবটা ঘুষিতেই দিলেন মারিও বালোতেল্লি।

২০১১
* সংবাদমাধ্যমে নিয়ত সমালোচনা চলছে। ম্যানচেস্টার ‘ডার্বি’তে ইউনাইটেডের বিপক্ষে গোল উদ্যাপনে তাই ক্যামেরার সামনে জার্সি তুলে ভেতরের গেঞ্জিটি দেখালেন বালোতেল্লি, যাতে লেখা, ‘হোয়াই অলওয়েজ মি?’
* পটকা ফোটানোর জন্য ‘আদর্শ’ জায়গা কোনটি বলুন তো? নিজের ঘরের বাথরুম! বালোতেল্লির হয়তো মনে হয়েছিল তা-ই। ইউনাইটেডের সঙ্গে ওই ম্যাচের আগের দিন বন্ধুদের সঙ্গে মিলে পটকা ফোটাতে গিয়ে নিজের বাথরুমেই আগুন লাগিয়ে দিলেন।
* এলএ গ্যালাক্সির সঙ্গে সিটির প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ। হঠাৎ ফাঁকা জালের সামনে বল পেয়ে গেলেন। কিন্তু এত সহজ গোলে তো তাঁর মন ভরবে না। তাই একটু দেখনদারির চেষ্টা করলেন। উল্টো ঘুরে ব্যাকহিলে বলটাকে জালে পাঠানোর চেষ্টা করলেন, কিন্তু বলটা চলে গেল পোস্টের বাইরে। ‘বেরসিক’ মানচিনির সহ্য হলো না, সঙ্গে সঙ্গেই বালোতেল্লিকে তুলে নিলেন মাঠ থেকে।
* ইউরোপা লিগে ডায়নামো কিয়েভের সঙ্গে বাঁচা-মরার ম্যাচ। আক্রমণাত্মক খেলার পরামর্শটাকে একটু বেশিই হয়তো ‘গুরুত্বে’র সঙ্গে নিয়েছিলেন বালোতেল্লি। কুংফু কিক মেরে বসলেন কিয়েভের এক খেলোয়াড়ের পেটে। চোখের সামনে অবশ্যম্ভাবী লাল কার্ড। সিটি হারল ২-১ গোলে।
* ম্যানচেস্টার সিটিতে থাকার সময় পার্কিংয়ের নিয়ম না মানায় গোনা জরিমানা পাঁচ অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল।
* ২০১০-১১ মৌসুমে দলের শৃঙ্খলার নিয়ম ভেঙে জরিমানা গুনতে হয়েছিল প্রায় ৩ লাখ ডলার! ভাগ্যিস সে সময় তাঁর সাপ্তাহিক বেতনটা প্রায় ১ লাখ ডলার ছিল।

২০১২
* পুরোনো ক্লাব ইন্টার মিলানে নতুন কোচ এসেছেন, একটু তো দেখা দিয়ে আসতেই হয়। ব্যস, সোজা হাজির হয়ে গেলেন সদ্য নিযুক্ত ইন্টার কোচ আন্দ্রেয়া স্ট্রামাচ্চিনির পরিচিতি সংবাদ সম্মেলনে।

২০১৪
* বালোতেল্লি তখন লিভারপুলে। ইনস্টাগ্রামে ইতালিয়ান গেমিং চরিত্র ‘মারিও’র একটি ভিডিও পোস্ট করে সেটির বর্ণনায় লিখলেন, ‘কালো লোকের মতো লাফায় আর ইহুদির মতো কয়েন সংগ্রহ করে।’ বর্ণবাদী এই পোস্টটির সমালোচনার জবাবও ছিল বালোতেল্লির মতোই, ‘আমার মা একজন ইহুদি। সুতরাং দয়া করে তোমরা সবাই চুপ থাকো।’