বালোতেল্লি লিভারপুলে?
ব্রেন্ডন রজার্স কি শেষ পর্যন্ত নিজের কথাই গিলতে বাধ্য হবেন? ‘আমি স্পষ্ট করে বলছি ও (বালোতেল্লি) লিভারপুলে আসছে না ’—এই মাসের শুরুতে বলেছিলেন লিভারপুল কোচ। তখন তো মনে হয়েছিল মারিও বালোতেল্লির জন্য অ্যানফিল্ডের দরজা বন্ধই হয়ে গেছে।
কাল হঠাৎই যেন বালোতেল্লির জন্য জাদুমন্ত্রের মতোই সেই দরজাটা খুলে গেল। এসি মিলানের অনুশীলনেই কাল বালোতেল্লি বলেছেন, ‘আজই মিলানে আমার শেষ দিন।’ কিন্তু কোথায় যাচ্ছেন ২৪ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকার? ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, খ্যাপাটে এই স্ট্রাইকারের লিভারপুলে যোগ দেওয়াটা সময়ের ব্যাপার । এর মধ্যে মিলান ও লিভারপুলের মধ্যে ২ কোটি ইউরোর চুক্তিও হয়ে গেছে। এখন শুধু বালোতেল্লির সঙ্গে বেতন-বোনাস নিয়ে আলোচনা চলছে। সেটা হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে বালোতেল্লি যোগ দেবেন লিভারপুলে।
ইন্টার মিলান থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন ২০১০ সালে বালোতেল্লি। গত বছরের জানুয়ারিতে আবার ঠিকানা পাল্টে চলে যান মিলানে। এবার সম্ভাব্য ঠিকানা লিভারপুল। চুক্তিটা যদি আজ-কালের মধ্যে হয়ে যায়, তাহলে সোমবারই পুরোনো ক্লাব সিটির সঙ্গে ম্যাচে লিভারপুলে অভিষেক হবে ‘সুপার মারিওর’। বিবিসি, টেলিগ্রাফ।