বালোতেল্লিকে নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তিয়া-নিস ম্যাচটি হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলল। কিন্তু সেই ম্যাচের রেশ কাটছে না এখনো। গত সপ্তাহে ফ্রেঞ্চ লিগের ম্যাচটি শেষ হয়েছে সমতায়। তবে ফল নয়, এ ম্যাচ আলোচনায় মারিও বালোতেল্লির কারণে। ম্যাচের পরই ইতালিয়ান এই স্ট্রাইকার দাবি করেন, তাঁর উদ্দেশে বর্ণবাদী মন্তব্য ছুড়েছেন বাস্তিয়ার সমর্থকেরা। এ ঘটনায় ফ্রেঞ্চ ফুটবল লিগের (এলএফপি) কাছে বাস্তিয়া সমর্থকদের শাস্তি চেয়েছে নিস। বাস্তিয়া আবার জানিয়েছে, ম্যাচের পর আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি বালোতেল্লি কিংবা তাঁর ক্লাব। পরিস্থিতি যেমনই হোক, সতীর্থদের পাশেই পাচ্ছেন বালোতেল্লি। মিডফিল্ডার উইলান সাইপ্রিয়েনও বলছেন, সেদিন বালো ও তাঁর মায়ের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করা হয়েছিল, ‘প্রথমে ওরা বালোতেল্লি ও তার মাকে অপমান করেছে। একটু পরে বানরের ডাকও (বর্ণবাদের সবচেয়ে ঘৃণ্য উপায়) ডেকেছে। তবে আমি দু-তিনজন বোকা লোকের জন্য বাস্তিয়ার সব সমর্থককে অপরাধী করব না।’ এরই মধ্যে এ বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এলএফপি। গোলডটকম।