বালোতেল্লিকে নেবে না লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুল কোচ পরিষ্কার জানিয়েছেন, অ্যানফিল্ডে জায়গা হবে না মিলান স্ট্রাইকার বালোতেল্লির।
লিভারপুল কোচ পরিষ্কার জানিয়েছেন, অ্যানফিল্ডে জায়গা হবে না মিলান স্ট্রাইকার বালোতেল্লির।

বেশ কিছুদিন ধরেই বাতাসে গুঞ্জন—লিভারপুলে নাম লেখাতে যাচ্ছেন মারিও বালোতেল্লি। গেল সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ‘অল রেড’ কোচ ব্রেন্ডন রজার্স ইতালিয়ান স্ট্রাইকারের প্রশংসা করার পর গুঞ্জনের পালে ভালোই হাওয়া লেগেছিল। কিন্তু রোববার সব গুঞ্জনের ডালপালা ছেঁটে ফেললেন ওই রজার্সই। পরিষ্কার জানালেন, অ্যানফিল্ডে জায়গা হবে না বালোতেল্লির।
মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে রজার্স বললেন, ‘আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি, বালোতেল্লিকে লিভারপুল কিনবে না।’ গত সপ্তাহে লিভারপুল কোচ মিলান স্ট্রাইকারের প্রশংসা করলে পরের দিন ব্রিটিশ সংবাদমাধ্যমে বালোতেল্লির অ্যানফিল্ডে আসার গুঞ্জন জোরালো হয়।
এ প্রসঙ্গে রজার্স জানালেন, ‘আগের সংবাদ সম্মেলনে মারিও বালোতেল্লি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। সে কতটা প্রতিভাবান, কতটা অসাধারণ, সে কথাই বলেছিলাম। পরের দিন লেখা হলো, তার সঙ্গে আমরা চুক্তি করতে যাচ্ছি। একজন খেলোয়াড় হিসেবে সে কেমন, এ ব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত জানিয়েছিলাম। তার মানে এই নয়, তাকে আমরা চুক্তিবদ্ধ করতে যাচ্ছি।’
লুইস সুয়ারেজ লিভারপুল ছেড়ে গেলে উরুগুয়ে স্ট্রাইকারের জায়গায় এরই মধ্যে কেনা হয়েছে ডিভক অরিগি ও রিকি ল্যামবার্টকে। এ ছাড়া রজার্স যেখানে নিজেই বলছেন, লিভারপুলে বালোতেল্লির সুযোগ নেই, তাই এই মৌসুমে তার দলবদল অনিশ্চয়তাতেই পড়ে গেল। সূত্র: এএফপি, গার্ডিয়ান।