বালোতেল্লির আরেক কীর্তি

খেলা শেষ হওয়ার পর সাধারণত প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদলানোর নিয়ম। এর আগেও বদলানো যায়, কিন্তু সেটাকে ঠিক সঠিক আচরণবিধির মধ্যে ফেলা যায় না। আচরণবিধির মধ্যে যা নেই, মারিও বালোতেল্লি যেন ঠিক সেটাই করে দেখানোর প্রতিজ্ঞা পালন করছেন। কাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে খেলা শেষ হওয়ার আগেই জার্সি বদল করে তোপের মুখে এই ইতালীয় স্ট্রাইকার।
বিরতির সময় তাঁকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কোচ ব্রেন্ডন রজার্স। এ সময় রিয়ালের খেলোয়াড়েরাও ড্রেসিং রুমে ফিরছিলেন। নিজের ড্রেসিং রুমে না গিয়ে হঠাৎই বালোতেল্লি চলে যান রিয়াল খেলোয়াড়দের দিকে। পেপের কাছে গিয়ে বদল করতে চান তাঁর জার্সিটি। পেপে অবশ্য তাঁকে ফেরাননি। বালোতেল্লিরটা নিয়ে তাঁকে দিয়ে দেন নিজের জার্সিখানা।
আপাতদৃষ্টিতে ঘটনাটা খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু নীতিগতভাবে ইতালীয় স্ট্রাইকার যা করেছেন, তা গর্হিতই। জার্সিটা ম্যাচের পর বদল করলেই তো এনিয়ে আর কথা হয় না। ফুটবলে জার্সি বদল, প্রতিপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক করমর্দন ইত্যাদি ৯০ মিনিট শেষ হওয়ার পর করাকেই সাধারণ ‘ভদ্রতা’ হিসেবে ধরা হয়।
লিভারপুল অবশ্য বালোতেল্লির এই জার্সি-বদলকে ‘অমনোযোগী’ আচরণ হিসেবেই দেখছে। একজন খেলোয়াড় দলের প্রতি কতটা প্রতিশ্রুতিহীন, খেলায় তাঁর মনোযোগ কতটা কম, এই আচরণে এই বিষয়গুলোই নাকি সামনে চলে এসেছে।
কোচ রজার্সও এই ঘটনায় বালোতেল্লির ওপর প্রচণ্ড ক্ষিপ্ত। বলেছেন, বালোতেল্লির বিরুদ্ধে তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। গত আগস্টে এসি মিলান থেকে লিভারপুলে আসা এই স্ট্রাইকার মার্সিসাইডে এসেই নানা ধরনের কাণ্ড-কীর্তিতে অস্থির করে রেখেছেন লিভারপুল ক্লাবকে। লুইস সুয়ারেজের অভিজ্ঞতার পর বালোতেল্লিকে দলে নিয়ে ক্লাব ভুলই করেছে কি না, এই আলোচনা এখন সর্বত্র। তবে বালোতেল্লি এসব নিয়ে ভাবেন বলে মনেই হয় না। তিনি আছেন নিজেকে নিয়ে। দুনিয়ার যাবতীয় নিয়ম ভাঙাতেই যেন তাঁর সব আনন্দ। সূত্র: টেলিগ্রাফ, এএফপি।