বালোতেল্লির সেরা তিন
ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ঘুরে গত আগস্টে গেছেন লিভারপুলে। ২৪ বছর বয়সী মারিও বালোতেল্লির পেশাদার ফুটবল ক্যারিয়ার বছর আটেকের মতো। কিন্তু এরই মধ্যে খেলেছেন ইউরোপের নামীদামি বেশ কয়েকটি ক্লাবে, সতীর্থ হিসেবে পেয়েছেন বিশ্বসেরা অনেক ফুটবলারকেও। তাঁদের মধ্য থেকে বালোতেল্লিকে সেরা তিনজনকে বেছে নিতে বললে কাদের বেছে নেবেন তিনি?
ফুটবলের ‘ব্যাড বয়’ ইতালিয়ান স্ট্রাইকারকে এ প্রশ্নটাই করেছিল ব্রিটিশ সাময়িকী স্পোর্ট। জবাবটা দিতে গিয়ে আসলে খুব বেশি ভাবতে হয়নি লিভারপুল স্ট্রাইকারকে। বালোতেল্লির সেরা তিন, ‘লুইস ফিগো, আন্দ্রেয়া পিরলো আর জ্লাতান ইব্রাহিমোভিচ।’
লিভারপুল স্ট্রাইকার শুনিয়েছেন এঁদের সঙ্গে খেলার অভিজ্ঞতাও, ‘ইন্টারে যখন আমি ফিগোর সঙ্গে খেলি তখন আমার বয়স ১৭ কি ১৮ হবে। কিন্তু ফিগো তখনো ছিল অসাধারণ। আর পিরলোকে নিয়ে কী বলব! যত দিন যাচ্ছে সে আরও অসাধারণ হয়ে উঠছে। ফুটবলার হিসেবে উন্নতি করার কথাটা বলা সহজ, কিন্তু এটা করে দেখানো মোটেই সহজ নয়।’
তবে এই তিনজনের পাশাপাশি সম্প্রতি আরও একজনে মুগ্ধ হয়েছেন বালোতেল্লি। সেই মুগ্ধতা তাঁর বর্তমান ক্লাবের সতীর্থ স্টিভেন জেরার্ডের প্রতি, ‘জেরার্ডও অসাধারণ ফুটবলার। এই মৌসুমের আগে আমি তাকে ইংল্যান্ডের হয়ে খেলতে দেখা ছাড়া ওইভাবে লক্ষ্য করিনি। কিন্তু এখন বুঝতে পারছি, সে আর পিরলো সমপর্যায়ের। টেকনিক, সামর্থ্য সবকিছুতে। স্টিভ (জেরার্ড) সবকিছুই করতে পারে। ভবিষ্যতে ওর বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে লিভারপুলের জন্য।’ স্পোর্ট ইউকে।