বালোতেল্লির 'আনুগত্য বোনাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও বালোতেল্লি মানেই তো নেতিবাচক খবর! লিভারপুলে ব্রাত্য হয়ে পড়া এই স্ট্রাইকার অনেক দিন হলো কোনো খবরের জোগান দিচ্ছেন না। এবার অবশ্য ইতিবাচক কারণেই খবরে এলেন। দলের প্রতি আনুগত্য দেখালে পুরস্কার পাবেন এই ২৫ বছর বয়সী ইতালিয়ান। কেমন সেই আনুগত্য? ১ সেপ্টেম্বর দলবদল শেষ হওয়া পর্যন্ত লিভারপুলে থাকতে হবে। তাহলেই জুটবে ‘আনুগত্য বোনাস’। সেটি কম নয়, পুরো ছয় অঙ্কের। ব্রেন্ডন রজার্সের দলে ব্রাত্য হয়ে পড়া এই ‘ব্যাড বয়’ সর্বশেষ ক্লাবের হয়ে খেলেছিলেন গত ২৮ এপ্রিল। এসি মিলান থেকে গত বছরের আগস্টে লিভারপুলে যোগ দেওয়া মারিও বালোতেল্লির এজেন্ট মিনো রাইওলা তিন বছরের চুক্তিতে বেশ কিছু লোভনীয় আনুগত্য বোনাসের উপধারা যোগ করেছিলেন। ইংলিশ ক্লাবটিতে থেকে গেলে তারই সুফল পাবেন। মৌসুমের অধিকাংশ সময় বেঞ্চে বসে থাকা বালোতেল্লিকে নিয়ে ইতালিয়ান কয়েকটি ক্লাব আগ্রহ দেখালেও তাঁর এজেন্ট জানিয়েছিলেন লিভারপুলেই থাকছেন তিনি। গুঞ্জন রয়েছে, লিভারপুল বার কয়েক বালোতেল্লিকে বেচে দেওয়ার চেষ্টা করেও সফল হয়নি। এ সপ্তাহের শুরুতেই দলটির লেফটব্যাক হোসে এনরিকে অভিযোগ করেছিলেন কোচ ব্রেন্ডন রজার্স তাঁকে, মারিও বালোতেল্লি এবং স্ট্রাইকার ফ্যাবিও বোরিনিকে ‘একঘরে’ করে রেখেছেন। রয়টার্স।