বালোতেল্লির 'ইবোলা' হবে!

লেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৫-৩ গোলের ব্যবধানে বিস্মরণযোগ্য পরাজয়ের পর মারিও বালোতেল্লি দুম করে একটা টুইট করে বসলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড-LOL (অট্টহাসি)!’ এমনিতে দলের পরাজয়ের জ্বালা, তার ওপর আবার লিভারপুল স্ট্রাইকারের খোঁচা। বালোতেল্লির টুইটের জবাবে ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু সমর্থক এমন বাজে ভাষায় মন্তব্য করলেন, যা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। অভব্যতার প্রসঙ্গ না হয় ছেড়েই দেওয়া গেল!
কোনো কোনো টুইটার ব্যবহারকারী ইতালি স্ট্রাইকারকে ‘বানর’ বলে মন্তব্য করেছেন। প্রকাশের অযোগ্য কিছু ভাষা বাদ দিলে একজনের মন্তব্য ছিল এমন, ‘মারিও নিগ্রো, যাও, কলা খাও! নোংরা বানর তোমার ইবোলা হবে।’ এ ধরনের মন্তব্যে স্বাভাবিকভাবেই তোলপাড় বিশ্বফুটবলে।
এমন বর্ণবাদী মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ। মার্সেসাইড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘যেকোনো মূল্যে ওই বর্ণবাদী মন্তব্যকারীকে খুঁজে বের করা হবে।’ সূত্র: এএফপি ও রয়টার্স