বাসার দরজার চেয়ে ক্লাবের গেট বেশি চেনেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পর আবাহনী সমর্থকগোষ্ঠীর অভিনন্দনে সিক্ত প্রাণতোষ এবং তাঁর পরিবার। ছবি: ফেসবুক থেকে নেওয়া
গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পর আবাহনী সমর্থকগোষ্ঠীর অভিনন্দনে সিক্ত প্রাণতোষ এবং তাঁর পরিবার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিয়ে-থা করার আগেই নাম লিখিয়েছিলেন আবাহনী লিমিটেডে। এখন ছেলের বয়স পাঁচ বছরে পড়লেও খেলে যাচ্ছেন সেই আবাহনীতেই। তিনি কত বছর ধরে খেলছেন আকাশি-নীল জার্সিতে? মনে হচ্ছে পাটিগণিতের প্রশ্ন, তাই না?

মিডফিল্ডার প্রাণতোষ দাস এমনই এক অঙ্কের সামনে দাঁড় করিয়ে পরে উত্তরটা দিয়েছেন নিজেই। প্রায় এক যুগ ধরে খেলছেন ঐতিহ্যবাহী দলটিতে। দেশের পেশাদার ফুটবলে পা রাখার পর থেকে এখন অবধি তিনি ধানমন্ডির ক্লাবটির প্রতীক। সবার শ্রদ্ধা আর ভালোবাসার ‘প্রাণদা’। সাম্প্রতিক কালে আবাহনী-মোহামেডান দ্বৈরথের গুরুত্ব ‘প্রাণদা’র চেয়ে ভালো আর কে বোঝে!

প্রাণতোষের আবাহনীতে আসার সঙ্গে জড়িয়ে আছে ‘কিং ব্যাক’ মোনেম মুন্নার নাম। নিটল টাটা ফুটবলে দুর্দান্ত খেলে মুন্নার হাত ধরে ২০০১ সালে আবাহনীতে পা রেখেছিলেন প্রাণতোষ। ক্লাবটিতে দুই মৌসুম খেলে যোগ দিয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নে। সেখানে ছিলেন মাত্র এক মৌসুম, তারপর আবার যে আবাহনীর জার্সিটা গায়ে তুললেন, আর খোলা হয়নি। এর মধ্যে মেঘে মেঘে বেলা গড়িয়ে প্রায় এক যুগ হতে চলল (২০০৬ থেকে ২০১৭)।

দীর্ঘ পথপরিক্রমায় প্রাণতোষের সামনে আজ আরও একটি আবাহনী-মোহামেডান দ্বৈরথ। খেলোয়াড় হিসেবে পেশাদার যুগে আবাহনী-মোহামেডানের প্রতিটি দ্বৈরথের সাক্ষী একমাত্র প্রাণতোষই। দেশের ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান দ্বৈরথ সাম্প্রতিক সময়ে উত্তাপ হারালেও প্রাণতোষের কাছে কিন্তু সবকিছু আছে আগের মতোই, ‘আবাহনী-মোহামেডান ম্যাচে আগের মতো উত্তাপ নেই সত্যি। না দর্শকদের কাছে, না গণমাধ্যম কিংবা ক্লাব কর্তাদের কাছে। কিন্তু আমি এখনো উত্তাপটা অনুভব করি । এই ম্যাচ নিয়ে একটু হলেও আমার বিশেষ পরিকল্পনা থাকে।’

ড্রেসিংরুমে ফেডারেশন কাপের শিরোপা হাতে প্রাণতোষ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ড্রেসিংরুমে ফেডারেশন কাপের শিরোপা হাতে প্রাণতোষ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

লিগ, ফেডারেশন কাপ বা যেকোনো টুর্নামেন্ট মিলিয়ে প্রায় ৩০টিরও বেশি আবাহনী-মোহামেডান দ্বৈরথে মাঠে নেমেছেন প্রাণতোষ। বর্তমানে তাঁকে নিয়মিত মাঠে দেখা না গেলেও মোহামেডানের বিপক্ষে খেলবেন, এটা প্রায় অলিখিত নিয়ম।

মোহামেডান দলটা এখন সোনালি অতীত। আবাহনীর সঙ্গে এখন সাদা-কালো জার্সিধারীদের প্রতিদ্বন্দ্বিতার কোনো ঝাঁজ নেই। আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১তম লিগ লড়াইয়েও পাওয়া যাচ্ছে না কোনো দ্বৈরথের আবহ। পয়েন্ট টেবিলে আবাহনীর অবস্থান তিনে, আর মোহামেডান ছয়ে। দুই দলের পয়েন্টের পার্থক্য ১০। পার্থক্যটা বোঝা গেল?

আরও পরিষ্কার করে দিচ্ছি। প্রিমিয়ার লিগে আগের ২০ বারের মুখোমুখিতে আবাহনী জিতেছে ৮ ম্যাচ। তাদের অর্ধেকসংখ্যক ম্যাচ জিতেছে মোহামেডান। বাকি ৮ ম্যাচ ড্র হয়েছে। তবে সর্বশেষ তিনবারের মুখোমুখিতেই হেরেছে সাদা-কালোরা। চলতি লিগের প্রথম পর্বের ম্যাচেই মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী।

এই পরিসংখ্যানগুলো থাকে প্রাণতোষের মুখে মুখেই। প্রাণতোষের বাবা মন্মথ দাস ছিলেন আবাহনীর সমর্থক। ছেলের প্রতি তাঁর নির্দেশনা ছিল, সুযোগ পেলে কখনোই আবাহনী ছেড়ো না। মন্মথ দাস পরপারে পাড়ি জমিয়েছেন এ বছরের মার্চে। স্বর্গে বসেই হয়তো দেখবেন ছেলেকে, সেই আবাহনীর জার্সিতে!