বাসেলকে উড়িয়ে জবাব দিলো রিয়াল

লা লিগায় নিজেদের টানা দুই ম্যাচের ব্যর্থতার জোয়াল কাঁধ থেকে সরিয়ে আবারও জ্বলে উঠলেন রিয়াল মাদ্রিদ তারকা। নতুন আসা তারকাদের দ্যুতিময় আলোকচ্ছটায় আলোকিত হয়ে কাল চ্যাম্পিয়নস লিগ অভিযানটা দারুণভাবেই শুরু করেছে লস ব্লাঙ্কোসরা।
উদ্বোধনী দিনেই সুইস ক্লাব এফসি বাসেলকে ৫-১ গোলে হারানোর ম্যাচটি রিয়ালের দল হিসেবে কক্ষপথে ফেরারও। গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেজদের একসঙ্গে জ্বলে ওঠার এই ম্যাচ সমর্থকদেরও প্রিয় দল নিয়ে আবার আশাবাদী করে তুলছে।
গ্যারেথ বেলের গোলটির কথাই ধরুন। বাসেলের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে তাঁকে পেরিয়ে ওই বলটিকেই জালে ফেলার ক্যারিশমাটিক মুহূর্তটি দর্শকেরা মনে রাখবেন অনেক দিন। পরের মিনিটে রোনালদোকে দিয়ে করান আরও একটি গোল। রদ্রিগেজও পেয়েছেন চ্যাম্পিয়নস লিগে তাঁর প্রথম গোলটি। এর আগে ১৪ মিনিটে বাসেল প্রথমে পিছিয়ে পড়েছিল মারেক সুচির আত্মঘাতী গোলে। পিছিয়ে পড়ার পর মাত্র সাত মিনিটের মধ্যে তাঁদের ৪-০ গোলে পিছিয়ে পড়াটা প্রমাণ করে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে, দলকে বের করে নিয়ে আসতে কতটা মরিয়া ছিলেন আনচেলত্তির শিষ্যরা।
৪ গোলে পিছিয়ে পড়ার এক মিনিটের মধ্যেই অবশ্য ব্যবধান কমিয়ে নিয়ে এসেছিলেন বাসেলের প্যারাগুইয়ান স্ট্রাইকার দেরলিস গনজালেস। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে অবশ্য এই ব্যবধান ৫-১ করে দেন করিম বেনজেমা।
খেলা শেষে কার্লো আনচেলত্তির কণ্ঠেও ঝরেছে তৃপ্তির সুর, ‘খেলাটা দেখেই বুঝতে পারবেন, আমরা সমস্যাগুলো কাটিয়ে উঠেছি। তবে এই ম্যাচে আমি দলের ক্ষিপ্রতার প্রশংসা করবই। এই ব্যাপারটিই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।’
ম্যাচটিকে ‘সহজ’ হিসেবে ভাবতে রাজি নন আনচেলত্তি। তাঁর মতে, খেলার প্রথম ৩০ মিনিটে রিয়ালের ক্ষিপ্রগতির ফুটবলই ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে, ‘ম্যাচটি সহজ ছিল না। তবে প্রথম ৩০ মিনিটেই আমরা এই খেলায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি ক্ষিপ্রগতির ফুটবল দিয়ে।’
এই জয়ে বুক থেকে যেন এক পাষাণ-ভারই নেমে গেছে আনচেলত্তির। সেটা অকপটে স্বীকারও করেছেন তিনি, ‘হ্যাঁ, এই জয়টা তো স্বস্তিরই। আমার মনে হয়, গোটা বার্নাব্যুই আজ খুশি এই ভেবে যে অবশেষে দলটা ভালো খেলেছে।’ রয়টার্স।